২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদলের সমাবেশে ১৪৪ ধারা

নাটোরে যুবদলের সমাবেশে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 12:50 PM

Updated : 24 Aug 2022, 06:41 PM

নাটোর, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে যুবদলের সমাবেশে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার বিকালে নাটোরের যুবদল নেতা সাব্বির আহমেদ হত্যার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিডিবি মাঠে এই সমাবেশ শুরুর মুহূর্তে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে বিএনপি স্থানীয় এন এস কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে। নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, জেলা বিদ্যুৎ কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মখলেছুর রহমান দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্টের কাছে পিডিবি মাঠে জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ অনুষ্ঠান বন্ধ করার আবেদন জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এনামুল হক পিডিবি মাঠে যুবদলের সমাবেশ অনুষ্ঠানের বিরুদ্ধে ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। ওসি বলেন, "আমরা মাইকে নিষেধাজ্ঞার বিষয়টি প্রচার করে সমাবেশ বন্ধ করে দিয়েছি। আইন মোতাবেক ওই মাঠে সমাবেশ করার সুযোগ নাই।" বিকাল সাড়ে ৪টায় জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার ওরফে দুলুর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী পিডিবি মাঠ ছেড়ে বিক্ষোভ মিছিল করতে করতে স্থানীয় এন এস কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা যুবদলের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর যুবদলের (উত্তর) সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা নির্ধারিত জায়গায় সমাবেশ অনুষ্ঠান করতে না দেওয়াকে সরকারের 'বাকশালী' মনোভাব বলে মন্তব্য করেন। বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী সেলিম আক্তার সাংবাদিকদের বলেন, "বিধি মোতাবেক বিদ্যুৎ কার্যালয়ের জায়গায় কোন রাজনৈতিক সভা সমাবেশ করা যায় না। তাছাড়া জেলা যুবদল সেখানে সমাবেশ করার জন্য আমাদের কাছে কোন আবেদনও করেনি। তাই আমরা সমাবেশ অনুষ্ঠান বন্ধে প্রশাসনের সহযোগীতা চেয়েছি।" পুলিশ সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম বলেন, "অনুমতি না নিয়ে সরকারি জায়গায় রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া যায় না। তাই আমরা বিদ্যুৎ বিভাগের অনুরোধে ১৪৪ ধারা জারি করেছি।" জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপ-মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার ওরফে দুলু বলেন, "আমি ক্ষমতায় থাকাকালে নাটোরে আওয়ামী লীগের কর্মসূচি পালনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি। অথচ আওয়ামী লীগ নেতাদের নির্দেশে প্রশাসন ষড়যন্ত্রমূলক আমাদের সমাবেশে ১৪৪ ধারা জারি করেছে।" তিনি আরও বলেন, "আওয়ামী সন্ত্রাসীরা আমার ভাতিজা সাব্বির হোসেন গামাকে ২০০৪ সালের ৭ ফেব্র"য়ারি খুন করেছে। আদালত ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তাদের অনেকেই এখনো আদালতে আত্মসমর্পণ করেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪০ ঘ.