ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত সংসদে ফিরে যাওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও সংবাদ মাধ্যমের সম্পাদকরা। একইসঙ্গে তারা রাজনৈতিক প্রতিবাদের উপায় হিসাবে হরতাল ও সহিংসতা পরিহারেরও আহ্বান জানান।
সোমবার বিকালে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এক চা-চক্রে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে খালেদা জিয়া সাংবাদিকদের ওপর নিপীড়ন নিয়ে বিশেষ করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার বিষয়ে আলোকপাত করেন।
সম্পাদকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "শুধুমাত্র সংসদে ফিরে গেলেই সমস্যার সমাধান হবে না। গণমাধ্যমকে তার ভূমিকা পালন করতে দিতে হবে।"
বৈঠকের শুরুতে সাংবাদিকদের স্বাগত জানিয়ে খালেদা বলেন, "আমি সবার কথা শুনবো। সবার সঙ্গে কথা বলবো।"
সরকারকে আরো সময় দেবেন উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন সরকারের অপশাসনের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরে প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন।
বিভিন্ন পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা বিরোধী দলীয় নেতাকে সংসদে ফিরে গিয়ে ভূমিকা রাখার অনুরোধ জানান।
এর জবাবে বিএনপি চেয়ারপারসন বলেন,"এক বছর সময় দিয়েছি। সরকারকে আরও সময় দিতে চাই। আমরা সংসদে থাকব, রাজপথেও প্রতিবাদ জানাব। দ্রব্যমূল্যসহ জনগণের সমস্যা ও দেশের স্বার্থবিরোধী কিছু করা হলে তার প্রতিবাদ করবো আমরা।''
সরকারকে তার নির্বাচনী অঙ্গীকার পূরণের জন্য আবারো আহবান জানান তিনি।
একই সঙ্গে সরকারের দলীয়করণ, দ্রব্যমূল্য পরিস্থিতিসহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তুলে ধরে দেশের বর্তমান অবস্থা ও সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন খালেদা জিয়া।
তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদকে চরিত্রহননের স্থানে পরিণত করেছে সরকারি দল। তারা চায়, বিরোধী দল সংসদে আসুক। বলেন, '' এক তরফাভাবে বন্ধুত্ব হয়না। তারপরও আমরা সংসদে যেতে চাই, যাব। কিন্তু যখনই আমরা বলেছি, সংসদ যাব। তখনই তারা কুরুচিপূর্ণ বক্তব্য জোরেশোরে শুরু করেছে। ''
দুই নেত্রীর মধ্যে সংলাপ হলে বিভাজনের রাজনীতির অবসান হবে উল্লেখ করে সাংবাদিক ও কলাম লেখক এ বি এম মুসা বলেন, ''আপনি সংসদে যান। সংসদ কোনো একটি দলের কাছে ইজারা দেওয়া হয়নি। আমরা সংসদে একটি শক্তিশালী বিরোধী দল দেখতে চাই।''
বার্তা সংস্থা এপি'র ঢাকা ব্যুরোর প্রধান ফরিদ হোসেনের প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ''ভারতের সঙ্গে গোপন চুক্তির খবরটি আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি। এজন্য আমরা ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করতে বলেছি। কিন্তু সরকার তা করেনি। এতোদিন হলো সংসদেও চুক্তিগুলো উপস্থাপন করেনি।''
প্রথম আলো'র সম্পাদক মতিউর রহমানের প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ''আমরা গত এক বছরে কোনো হরতাল-অবরোধ করেনি। বরং সরকারি দলের লোকেরা কিশোরগঞ্জে হরতাল করেছে।''
মতিউর রহমান বিরোধীদলীয় নেতার প্রতি ছাত্র ধর্মঘট, হরতাল-অবরোধ না করার আহবান জানিয়ে বলেন, ''আমরা গত ২০ বছর ধরে এর বিরোধিতা করে আসছি। আগামীতেও করবো। মানুষ অনেক কষ্টে আছে, এসব কর্মসূচি আমরা সমর্থন করি না।''
ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টার'র সম্পাদক মাহফুজ আনাম, কালের কণ্ঠ'র সম্পাদক আবেদ খান ও নিউজ টুডে'র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ বিরোধীদলীয় নেতাকে সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার আহ্বান জানান।
তবে সাংবাদিকদের মধ্যে বক্তব্যের শুরুতে আবদুল আউয়াল ঠাকুর ও মাহমুদ শফিক দলীয় দৃষ্টিভঙ্গিতে গণতন্ত্র, সংসদ, পঞ্চম সংশোধনী ও পররাষ্ট্রনীতির ওপর বক্তব্য রাখলে অনেকেই বিব্রত হন।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারামুক্তি লাভের পর এই প্রথম তিনি সম্পাদকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মিলিত হলেন।
অনুষ্ঠানের শুরুতে খালেদা জিয়া সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন,'' আজ আপনাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছি। দীর্ঘদিন দেখা হয়নি। ১ বছর কারাবন্দি ছিলাম। আশা করেছিলাম, আপনারা আমাদের খোঁজ-খবর নেবেন। আপনার অনেকেই তা নেননি।''
এর আগে তিনি সবার আসনের সামনে গিয়ে কুশল বিনিময় করেন।
বিরোধীদলীয় নেতার সঙ্গে এই চা চক্রে আরো উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ সাংবাদিক আতাউস সামাদ, সম্পাদকদের মধ্যে দি ইন্ডিপেন্ডেট'র মাহবুবুল আলম, নয়া দিগন্ত'র আলমগীর মহিউদ্দীন, সংগ্রাম'র আবুল আসাদ, ফিনান্সিয়াল এক্সপ্রেস'র মোয়াজ্জেম হোসেন, অবজারভারের ইকবাল সোবহান চৌধুরী, ইনকিলাব'র এ এম এম বাহাউদ্দীন, মানব জমিনের মতিউর রহমান চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র তৌফিক ইমরোজ খালিদী, নিউ এজ'র নুরুল কবীর, আমার দেশ'র মাহমুদুর রহমান, নিউ নেশনের মোস্তফা কামাল মজুমদার, যুগান্তরের সালমা ইসলাম, বাংলাদেশ টুডে'র অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ সাহাবুদ্দিন আহমেদ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন- চ্যানেল আই'র শাইখ সিরাজ, ফরিদুর রেজা সাগর, এনটিভি'র এনায়েতুর রহমান বাপ্পী, চ্যানেল ওয়ানের অধ্যাপক মাজেদুল ইসলাম, বৈশাখী টিভি'র সৈয়দ ইশতিয়াক রেজা ও দিগন্ত টেলিভিশনের মোহাম্মদ হানিফ, ইটিভি'র আবদুস সালাম, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম, সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, এবিসি রেডিও'র প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ, রেডিও টুডে'র প্রধান বার্তা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
এসময় বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহীদ, সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান উপস্থিত ছিলেন।
চা-চক্রে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, সারোয়ারি রহমান, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন কাদের চৌধুরী, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ ও খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/এইচএ/১৯০২ ঘ.
bdnews24