চাঁদপুর, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুরে কয়েকটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে জাটকা ও কারেন্ট জাল নামে পরিচিত ব্যবহার নিষিদ্ধ জাল আটক করেছে উপকূল রক্ষীবাহিনী (কোস্টগার্ড)।
রোববার গভীর রাতে শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় মেঘনার মোহনায় ঢাকা থেকে চাঁদপুর হয়ে দক্ষিণাঞ্চলগামী এসব লঞ্চে অভিযান চালিয়ে জাটকা ও জাল আটক করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট খাজা মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ভোলা থেকে চাঁদপুরের মেঘনা মোহনা হয়ে ঢাকাগামী এমভি বন্ধন নামের লঞ্চ থেকে ৬০ মণ জাটকা আটক করা হয়। এ জাটকার বাজারমূল্য প্রায় দুই লাখ ৪০ হাজার টাকা।
তবে এ অভিযানে কেউ আটক হয়নি।
খাজা মাসুম জানান, আটককৃত জাটকা সোমবার সকালে ৬৫ হাজার ৬শ' টাকা নিলামে বিক্রি করা হয়।
তিনি জানান, অপর একটি অভিযানে একই রাতে চাঁদপুরের মেঘনা মোহনা হয়ে ঢাকা থেকে বরিশাল ও ভোলাগামী কয়েকটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে আট লাখ ৬০ হাজার মিটার জাল আটক করা হয়। এসব জালের বাজারমূল্য এক কোটি ৭২ লাখ টাকা। এসব জাল সোমবার সকালে পুড়িয়ে ফেলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬২০ ঘ.
bdnews24