সাভার, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশৃঙ্খলার আশঙ্কায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি টুপি তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার সকালে 'দাদা (সাভার) লিমিটেড' নামের এই কারখানাটি বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম।
তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কারখানাটির শ্রমিক সংগঠন ওয়ার্কার অ্যাসোসিয়েনের (ডাব্লিউএ) সভাপতি রহিমা বেগম ও সাধারণ সম্পাদক সুমি আক্তারকে বৃহস্পতিবার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ ঘটনায় শনিবার শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। আজ (রোববার) সকালে তারা ওই দুই নেত্রীকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ শুরু করে।
পুলিশ কর্মকর্তা জানান, বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও কারখানার মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হয়। তাই বড় কোনো বিশৃঙ্খলা এড়ানোর জন্য সকালে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ফটকে বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।
তিনি বলেন, বন্ধের নোটিশ দেখে কারখানার ছয় শতাধিক শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা কারখানার ভিতর বিক্ষোভ শুরু করলে পুলিশ ও বেপজার নিরাপত্তা কর্মীদের বাধায় ছত্রভঙ্গ হয়ে চলে যায়।
বেপজা'র ব্যবস্থাপক আশরাফুল কবীর বলেন, দু'য়েকদিনের মধ্যেই কারখানা খুলে দেওয়া হবে।
কারখানার কর্তৃপক্ষ এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০০ ঘ.
bdnews24