মৌলভীবাজার, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেন থেকে পড়ে শনিবার রাতে অজ্ঞাত এক কিশোর (১৪) মারা গেছে।
সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আবু তাহের খান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্তনগর পারাবত এক্সপ্রেসটি বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীমঙ্গল রেল স্টেশন ছেড়ে দ্বারিকা পাল মহিলা কলেজ এলাকা অতিক্রমের সময় হঠাৎ করে কিশোরটি ট্রেন থেকে পড়ে যায়।"
খবর পেয়ে শ্রীমঙ্গল দমকল বাহিনীর কর্মীরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বিনেন্দু ভৌমিক জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য রোববার সকালে লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬০৯ ঘ.
bdnews24