ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহ কারাগারে থাকার পর রোববার জামিন পেয়েছেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা জাহানারা বেগম।
অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় ১ লাখ টাকা মুচলেকায় তাকে জামিন দিয়েছেন ঢাকার সিনিয়র বিশেষ জজ এ এন এম বশিরউল্লাহ।
আদালতে আত্মসমর্পণের পর একই বিচারক গত ৩১ জানুয়ারি জাহানারাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
জামিন আদেশে বিচারক বলেন, অভিযুক্তের বয়স ৭০ এর বেশি এবং তিনি নারী হওয়ায় জামিন আবেদন বিবেচনা করা গেলো।
জাহানারার মামলাটি ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে পাঠিয়ে অভিযোগ গঠনের জন্য আগামী আগামী ১৮ ফেব্র"য়ারি তারিখ ঠিক করে দিয়েছেন বিচারক বশিরউল্লাহ।
জাহানারার বিরুদ্ধে ১ কোটি ৯৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন রমনা থানায় এ মামলাটি করে। গত বছরের ২০ অক্টোবর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় তার প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন জাহানারা। পরে অবশ্য বিএনপি ছেড়ে অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপিতে যোগ দেন। তিনি দলটির মহাসচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪১৪ ঘ.
bdnews24