ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকাসহ পাঁচটি জেলায় অটিস্টিক শিশুদের বিনামূল্যে চিকিৎসা দিতে একটি পাইলট প্রকল্পের উদ্যোগ নিচ্ছে সরকার।
'অটিস্টিক সন্তানের মায়ের দায়িত্ব' শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার সমাজকল্যাণ সচিব কামরুন্নেসা খানম এ তথ্য জানান।
কর্মশালায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদ অটিস্টিক শিশুদের বিনামূল্যে চিকিৎসার ও কলসেন্টার স্থাপনের দাবি তুলে ধরেন।
সচিব বলেন, পাইলট প্রকল্প সফল হলে জেলা-উপজেলা পর্যায়েও অটিস্টিক শিশুদের জন্য একই ধরনের সেবা কেন্দ্র গড়ে তোলা হবে।
কমিউনিটি ক্লিনিকগুলোকে অটিস্টিক শিশুদের সেবা দেওয়ার জন্য তৈরি করা হবে বলে সচিব জানান।
বিভিন্ন গবেষণায় বলা হয়, বাংলাদেশে প্রতি হাজারে অটিস্টিক শিশুর সংখ্যা ৮টি।
জাতীয় প্রেসক্লাবে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ওই কর্মশালায় অটিস্টিক শিশুদের অর্ধশতাধিক অভিভাবক অংশ নিচ্ছে। দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব লাকি ইনাম।
উদ্বোধনী বক্তব্যে লাকি ইনাম অটিস্টিক শিশুদের জন্য নাটক নির্মাণে করবেন বলে প্রতিশ্র"তি দেন।
বেবী মওদুদ বলেন, "অটিস্টিক শিশুদের বিকাশের জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে সহযোগিতার উদ্যোগ নিতে হবে। পৃথিবীর উন্নত দেশগুলোতে ওইরূপ শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।"
কর্মশালায় বক্তব্য রাখেন বারডেমের মনোরোগ চিকিৎসক আনোয়ারা সৈয়দ হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জিল্লুর রহমান খান, শিশু নিউরো বিশেষজ্ঞ নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/আরএ/এমআই/১৩৩৫ ঘ.
bdnews24