চাঁদপুর, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোট সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে আবারো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
বুধবার চাঁদপুরের বিচার বিভাগীয় হাকিম মো. আসাদুজ্জামান নূরের কোর্টে মিলন হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করা হয় বলে জানান চাঁদপুরের কোর্ট ইন্সপেক্টর হরি দেবনাথ ও মিলনের আইনজীবী মো. কামরুল ইসলাম।
এর আগে গত ১৮ জানুয়ারি মিলন ও তার স্ত্রী নাজমুন নাহার বেবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর ২৬ জানুয়ারি তারা চাঁদপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।
বুধবার তাদের হাজিরা দেয়ার কথা থাকলেও ছিলেন অনুপস্থিত ছিলেন।
মিলনের আইনজীবী কামরুল আরো বলেন, অসুস্থতার কথা জানিয়ে মিলনের জন্য আদালতে জামিন প্রার্থনা করা হলেও আদালত তা নাকচ করে মিলনসহ তিন জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করে।
২০০৩ সালের ১৬ অক্টোবর ঢাকা থেকে চাঁদপুরের কচুয়া যাওয়ার পথে সাচার বাজার এলাকায় মিলন দলীয় লোকজন নিয়ে মহীউদ্দীন খান আলমগীরের ওপর হামলা চালান।
এ ঘটনায় কলিম উল্যাহ নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা চাঁদপুরের বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা দায়ের করেন ২০০৯ সালের ৬ মে।
মামলায় মিলন ও তার স্ত্রী নাজমুন নাহার বেবীসহ ৩৪ জনকে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৯ ঘ.
bdnews24