২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বিডিআর'র বিচার শুরু, গ্রেপ্তার আরো ৮

বিদ্রোহের ঘটনায় পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরের বিডিআর সদস্যদের বিচার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 03:11 PM

Updated : 24 Aug 2022, 06:33 PM

পঞ্চগড়, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরের বিডিআর সদস্যদের বিচার শুরু হয়েছে। বুধবার বিকালে শুরু হয়ে আদালতের কাজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে নতুন আরো আট জওয়ানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এরা হলেন- লুৎফর রহমান, মেহেদী হাসান, মাসুদুল করিম, মোস্তাফিজুর রহমান, ওয়াহেদুজ্জামান, মিজানুর রহমান, নুরুজ্জামান ও মোজাম্মেল হোসেন। তারা এতদিন একই ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক ও প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল সেরাজুল হক প্রেস ব্রিফিংয়ে জানান, বিকাল পৌনে ৪টায় সৈনিক হলের ডাইনিং রুমে স্থাপিত বিশেষ আদালত-২ এ বিচার কার্যক্রম শুরু হয়। বিকেল ৫টায় আদালতের কার্যক্রম বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলামের সভাপতিত্বে বিচারক প্যানেলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়, লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দীদার আল লতিফ দায়িত্ব পালন করেন। প্রসিকিউটরকে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল ও অ্যাডভোকেট শেখ বাহারুল ইসলাম। বিচারকদের আসন গ্রহণ করার মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর জেসিও সুবেদার মেজর আমিরুল হক শেখ আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। অভিযোগে বলা হয়, আটক মহিবুর রহমানের বিরুদ্ধে সেনা অভিযানের গুজব ছড়িয়ে বিদ্রোহ সংগঠন ও অন্য ২০ জনের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠনের পক্ষে নানা অভিযোগ আনেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে চেইন অব কমান্ড ভেঙ্গে অধিনায়কের নির্দেশ অমান্যসহ তার সঙ্গে অশালীন ও উদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ আনা হয়। একই সঙ্গে জেলা কারাগারে আটক ২১ জন ছাড়াও ব্যাটালিয়নে কর্মরত আরো আট বিডিআর সদস্যকে অভিযুক্ত করে তাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর আদেশ দিতে আদালতে আবেদন করেন। আদালত বাদী ও প্রসিকিউটরের বক্তব্য শুনে অভিযোগ আমলে নেন। এরপর নতুন অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের জেলহাজতে পাঠানোর ব্যবস্থা নিতে ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে প্রসিকিউটরকে নির্দেশ দেন। একই সঙ্গে আদালত এই ২৯ অভিয্ক্তুকে বৃহস্পতিবার আদালতে হাজির করানোরে নির্দেশ দেওয়া হয়। পঞ্চগড় সদর থানার ওসি মো. জমিরউদ্দিন বলেন, আদালতের আদেশে নতুন অভিযুক্তদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। পঞ্চগড়ে বিদ্রোহের ঘটনায় আদালতে সদর থানার ওসি মো. জমিরউদ্দিনের দায়ের করা মামলায় ব্যাটালিয়নের ডিএডি এটিএম নাজমুল হুদা চৌধুরীসহ ২২ সদস্যেকে আসামি করা হয়। এটিএম নাজমুল হুদা চৌধুরীকে আসামি করা হয় বিদ্রোহের সময় প্রতিবাদ না করে মৌন থাকার কারণে। কিন্তু বুধবারে বিশেষ আদালতে বাদীর অভিযোগে নাজমুল হুদাকে বাদ দিয়ে বাকি ২১ জনকে আসমি করা হয়। তিনি এখন জেলা কারাগারে আটক রয়েছেন। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন সারাদেশের বিভিন্ন স্থানের মতো পঞ্চগড় সদরদপ্তরে বিডিআর সদস্যরা শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে, দপ্তরসংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। এ ঘটনায় সদর থানার ওসি মো. জমিরউদ্দিন বাদী হয়ে গত ১১ মে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে ২২ বিডিআর সদস্যের বিরুদ্ধে একটি নালিশী মামলা দায়ের করেন। একই দিন ঠাকুরগাঁওয়েও ২৫ বিডিআর সদস্যের বিচার শুরু হয়েছে। বিডিআর বিদ্রোহের মামলাগুলোর বিচার বিডিআর আদালতে বিডিআর আইনে চলছে। পিলখানায় হত্যা ও লুণ্ঠনের মামলার বিচার হবে সাধারণ আইনে বিশেষ ট্রাইব্যুনালে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে। বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হচ্ছে। বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৭ ঘ.