ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া এতিমখানা মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের করা আবেদনের ওপর স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট।
তবে আদালত দ্রুত মামলাটি নিষ্পত্তি করতে উভয়পক্ষকে নির্দেশ দিয়েছে।
বুধবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
একইসঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবেদনকারী বিচারিক আদালতে সময় চেয়ে আবেদন করলে তা সরকারকে বিবেচনা নিতেও বলা হয়েছে।
আগামী ৩ মার্চ বিচারিক আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।
আদেশের পর খালেদার আইনজীবী মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, "আদালত মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ না দিলেও নিু আদালতে এর কার্যক্রম স্থগিত থাকবে। কেননা আদালত বলেই দিয়েছে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে আমরা সময় চাইলে সরকার পক্ষ তা বিবেচনা করবে।"
দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি আনিসুল হক বলেন, "আদালত উভয় পক্ষকে দ্রুত রুল নিষ্পত্তি করতে বলেছে। আমরা রুল শুনানির জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু রফিক-উল-হক শুনানি না করে স্থগিতাদেশ চেয়েছেন।"
মওদুদ আহমদের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, "বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম বন্ধ থাকবে না। আগামী ৩ মার্চ নিু আদালতে মামলাটির তারিখ ধার্য রয়েছে। ওই দিন তারেক রহমান ছাড়া অন্য আসামিদের হাজির হতেই হবে। এভাবে রুল নিষ্পত্তি না পর্যন্ত যতবার তারিখ পড়বে, ততবার তাদেরকে হাজিরা দিতেই হবে।"
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ওই বছরের ৫ আগস্ট দেওয়া হয় অভিযোগপত্র।
মামলার অপর আসামিরা হলেন- জিয়াউর রহমানের আত্মীয় মোমিনুর রহমান, সাবেক আমলা ড. কামালউদ্দিন সিদ্দিকী, সাবেক বিএনপি সাংসদ কাজী সলিমুল হক ও সরফুদ্দিন আহমেদ।
গত বছরের ১৫ সেপ্টেম্বর এ মামলাটি বাতিলের জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে হাইকোর্টে দু'টি পৃথক আবেদন দায়ের করেন তাদের আইনজীবী।
এরপর ১৫ অক্টোবর মামলাটি কেন বাতিল হবে না জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করে হাইকোর্ট ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/২০২০ ঘ.
bdnews24