হবিগঞ্জ, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ শহরের সিনেমা হল বাজার এলাকায় সরকারি জমি দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
বুধবার দুপুরের দুই ঘণ্টার এ সংঘর্ষে একপক্ষে ছিল পৌর বাজার মসজিদ কমিটি এবং অপরপক্ষে ছিল স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
এ সময় কৃষক দলের কার্যালয়সহ আটটি দোকানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনুপ কুমার দেব মনা ও কৃষি বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরীসহ তিন জনকে আটক করে থানায় আনার কিছুক্ষণ পর ছেড়ে দেয়।
আহতদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ ও সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী।
ইয়াইয়া চৌধুরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হবিগঞ্জ সদর থানার ওসি নিয়ামত হোসেন বলেন, দুপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আজাদ ও তার পক্ষের লোকজন বৈধ ইজারাদার দাবি করে পৌর বাজার মসজিদ সংলগ্ন একটি সরকারি জমি দখল করতে যান। এ সময় পৌর বাজার মসজিদ কমিটির লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
পরে অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনার পর স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ শহরে বিক্ষোভ মিছিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৬ ঘ.
bdnews24