ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা ফিউচার পার্কের অনুমোদনহীন অংশ ভাঙ্গায় রাজউকের নোটিশের বিরুদ্ধে করা রিট আবেদন সরাসরি খারিজ করেছে হাইকোর্ট।
ফলে নির্মাণাধীন ওই ভবনের অননুমোদিত অংশ ভেঙ্গে ফেলতে আর বাধা নেই বলে জানিয়েছেন রাজউকের কৌঁসুলি এ এফ এম মেসবাহ উদ্দিন।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও মো. বোরহানউদ্দিনের বেঞ্চ বুধবার যমুনা কর্তৃপক্ষের রিট আবেদন খারিজের আদেশ দেয়।
রাজধানীর কুড়িলে নির্মাণাধীন যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ সাতদিনের মধ্যে ভেঙ্গে ফেলতে গত ১৭ জানুয়ারি নির্দেশ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর আগে ১৩ জানুয়ারি প্রথম একটি চিঠিতে ওই স্থাপনার বিষয়ে আপত্তির কথা জানায় রাজউক।
রাজউক জানায়, যমুনা ফিউচার পার্ক রাজউক থেকে মাত্র ছয়তলা ভবন নির্মাণের অনুমোদন নিয়েছে। কিন্তু তারা ভবনটি আরো উঁচু করেছে।
এরপর যমুনা ফিউচার পার্কের কর্ণধার ও দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল এর বিরুদ্ধে রিট আবেদন করেন।
আদেশের পরে মেসবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের আদেশের ফলে এখন যমুনা ফিউচার পার্কের অনুমোদনবিহীন অংশ ভেঙ্গে ফেলতে আর বাধা নেই।"
তিনি বলেন, "রাজউকের নোটিশের বিরুদ্ধে রিটটি আদালত সরাসরি খারিজ করে দিয়েছে। কোর্ট বলেছে, এখানে বেশ কিছু বিতর্কিত তথ্য উপস্থাপন করা হয়েছে। তাছাড়া নোটিশের বিরুদ্ধে রাজউকের কাছেই আপিল করার সুযোগ ছিলো। কিন্তু তা না করে সরাসরি রিট আবেদনটি গ্রহণ করার কোনো যৌক্তিক কারণ নেই।"
রাজউকের আইনজীবী জানান, এখন ওই ভবনের ৬ তলার ওপরের অনুমোদনহীন সব স্থাপনা ভেঙে ফেলা হবে। যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ তা না ভাঙলে রাজউক ভাঙবে।
"তবে এ জন্য যা খরচ হবে তা যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে বহন করতে হবে।"
১০ একর জায়গার ওপরে নির্মিত হচ্ছে দেড়লাখ বর্গমিটারের যমুনা ফিউচার পার্ক। নির্মাতা প্রতিষ্ঠান যমুনা গ্র"পের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও এশিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ শপিংমল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24