সিলেট, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুর উপজেলায় বুধবার দুপুরে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত এবং অর্ধশত আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে সিলেট-তামাবিল সড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
উপজেলার হেমু এলাকায় গোচারণভূমির দখল নিয়ে এ সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম আব্দুল লতিফ (৩৫)। তার বাড়ি তিনপাড়া গ্রামে। দুপুর ১২টার দিকে তার গ্রামের বাসিন্দাদের সঙ্গে হাইদপাড়া গ্রামের বাসিন্দাদের এ সংঘর্ষ হয়।
সিলেটের পুলিশ সুপার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনপাড়ার বাসিন্দাদের দখলে থাকা গোচারণভূমি হাউদপাড়া গ্রামের অধিবাসীরা দখল করতে গেলে সংঘর্ষ বাঁধে।"
পুলিশ জানায়, উভয় গ্রামের লোকজন লাঠিসোঁটা, দা, বল্লম নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে লতিফ ঘটনাস্থলেই মারা যায়।
আহতদের মধ্যে ইলিয়াস, আবু সালেহ, মতলিবও কমরউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার দুপুরে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল কাইয়ূম চৌধুরী জানান, সংঘর্ষের সময় সিলেট-তামাবিল সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
গোচরণভূমির দখল নিয়ে হাউদপাড়া ও তিনপাড়া গ্রামের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫১৮ ঘ.
bdnews24