২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বিডিআর বিদ্রোহের বিচার শুরু

বিদ্রোহের মামলায় ঠাকুরগাঁওয়ে ২৫ বিডিআর সদস্যের বিচার বুধবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 07:39 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

ঠাকুরগাঁও, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় ঠাকুরগাঁওয়ে ২৫ বিডিআর সদস্যের বিচার বুধবার শুরু হয়েছে। সকাল ১০টার দিকে ঠাকুরগাঁওয়ে ২০ রাইফেলস ব্যাটালিয়নে গঠিত বিশেষ আদালতে বিচার কার্যক্রম শুরুর দিনই অভিযুক্তদের হাজির করা হয়েছে। আদালতে প্রধান বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। বিচার কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত টানা চলবে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ইতিপূর্বে জানিয়েছিলেন। ব্যাটালিয়নের চার জন জুনিয়র কমান্ডিং অফিসারসহ (জেসিও) গ্রেপ্তার ২৫ জন বর্তমান ঠাকুরগাঁও কারাগারে আটক রয়েছেন। চার জেসিও'র মধ্যে রয়েছেন একজন সুবেদার মেজর, একজন সুবেদার ও দুইজন নায়েব সুবেদার। বাকিদের মধ্যে নন কমিশন্ড অফিসার ১২ জন, সিপাহী সাতজন ও অন্যান্য দুইজন। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দিনভর ফাঁকা গুলি ছোঁড়ে, ক্যাম্পের সামনের রাস্তায় অস্ত্র ও গ্রেনেড নিয়ে মহড়া ও মহাসড়ক অবরোধ করে। ঠাকুরগাঁও থানার তখনকার ওসি সোহরাব আলী বাদি এ ঘটনায় মামলাটি করেন। বিডিআর বিদ্রোহের মামলাগুলোর বিচার বিডিআর আদালতে বিডিআর আইনে চলছে। পিলখানায় হত্যা ও লুণ্ঠনের মামলার বিচার হবে সাধারণ আইনে বিশেষ ট্রাইব্যুনালে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে। বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হচ্ছে। বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৩৪ ঘ.