২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বিডিআর বিদ্রোহের বিচার শুরু বুধবার

বিদ্রোহে অংশ নেওয়া পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন সদরদপ্তরের ২২ বিডিআর সদস্যের বিচার বুধবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 04:44 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

পঞ্চগড়, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে অংশ নেওয়া পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন সদরদপ্তরের ২২ বিডিআর সদস্যের বিচার বুধবার শুরু হচ্ছে। বিশেষ আদালত-২ এর অধীনে বিকাল ৩টায় সদরদপ্তরের সৈনিক হলে এ বিচার কাজ চলার কথা রয়েছে। একইদিন ঠাকুরগাঁওয়েও ২৫ বিডিআর সদস্যের বিচার কাজ শুরু হচ্ছে। পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন সদরদপ্তরের অবস অফিসার মেজর হাসিকবুল হোসেন নবী বলেন, সৈনিক হলের ডাইনিং রুমে বিচার কাজ অনুষ্ঠানের জন্য এজলাস, কাঠগড়া ও পর্যবেক্ষক-দর্শনার্থীদের বসার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি দল বিচার কাজ পরিচালনা করবেন। অন্যদের মধ্যে অ্যাটর্নি জেনারেলের একজন প্রতিনিধি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর পদমর্যাদার বিডিআর কর্মকর্তা রয়েছেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হিসেবে ব্যাটালিয়নের অধিনায়ক ও দুইজন আইনজীবী মামলা পরিচালনা করবেন। বিচার শুরুর পর অভিযুক্তরা আইনজীবীর সহায়তা নিতে পারবেন। তবে আইনজীবীরা আদালতে সরাসরি তাদের পক্ষে কথা বলতে পারবেন না। প্রথমদিন বাদীপক্ষ আদালতের কাছে অভিযোগ আমলে নিয়ে বিচার কাজ শুরুর আবেদন জানাবেন। আবেদন মঞ্জুর হলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। গত বছরের ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের পরদিন সারাদেশের বিভিন্ন স্থানের মতো পঞ্চগড় সদরদপ্তরে বিডিআর সদস্যরা শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে, দপ্তরসংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। এ ঘটনায় সদর থানার ওসি মো. জমিরউদ্দিন বাদী হয়ে গত ১১ মে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে ডিএডি এটিএম নাজমুল হুদা চৌধুরীসহ ২২ বিডিআর সদস্যের বিরুদ্ধে একটি নালিশী মামলা দায়ের করেন। অভিযুক্ত বিডিআর সদস্যরা এখন জেলা কারাগারে আটক রয়েছেন। বুধবার ঠাকুরগাঁওয়ের ২৫ জন বিডিআর সদস্যেরও বিচার শুরু হবে। ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নে গঠিত বিশেষ আদালত-২ এ বিচার চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সারাদেশে বিদ্রোহের মামলাগুলো চলছে বিডিআর আদালতে। পিলখানার হত্যা ও লুণ্ঠনের মামলা চলবে প্রচলিত আইনে বিশেষ ট্রাইব্যুনালে। বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে। বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩২ ঘ.