ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম মঙ্গলবার বিকালে ঢাকা জেলা জজ ও মহানগর দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন।
বিকাল ৩টায় ঢাকা আইনজীবী সমিতি তাকে সমিতি মিলনায়তনে সংক্ষিপ্ত সংবর্ধনা দেয়।
সংবর্ধনায় বিচারপতি তাফাজ্জাল বলেন, সকল রাজনৈতিক এবং স্পর্শকাতর হত্যা মামলার সুষ্ঠু বিচার করা হবে।
তিনি বলেন, "ন্যায় বিচার যেখানে নিমজ্জিত, স্বৈারাচার সেখানে উজ্জীবিত।"
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের ব্যাপারে তার কোনো কৃতিত্ব নেই। সব কৃতিত্বই রায়দানকারী তৎকালীন ঢাকার জেলা জজ গোলাম রসুলের।
আপিল বিভাগ রায়টি পর্যালোচনা করেছে মাত্র।
১৯৬৭ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইন পেশায় আসার কথা স্মরণ করে তিনি বলেন, "প্রাণের টানেই এখানে (ঢাকা কোর্টে) এসেছি।"
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইন চর্চা ছাড়া, গভীর পড়াশোনা ছাড়া এই পেশা দিয়ে সমাজের বা রাষ্ট্রের কোনো উপকার করা যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/জিএনএ/২০৩৫ ঘ.
bdnews24