২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের রায় সবাইকে মানতে হবে: সংসদে সুরঞ্জিত

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধানের ৫ম সংশোধনীর বিষয়ে সুপ্রিম কোর্টের 'ঐতিহাসিক' রায়ের পর '৭২ এর সংবিধানে ফিরে যেতে আর কোনো আইনী বাধা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 01:13 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধানের ৫ম সংশোধনীর বিষয়ে সুপ্রিম কোর্টের 'ঐতিহাসিক' রায়ের পর '৭২ এর সংবিধানে ফিরে যেতে আর কোনো আইনী বাধা নেই। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি একথা বলেন। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রবীণ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "সুপ্রিম কোর্টের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এ সংসদেই আমরা '৭২ সালের সংবিধানে ফিরে যাবো। সুপ্রীম কোর্টের মঙ্গলবারের রায়ের সকল নির্দেশ সরকার-বিরোধীদল, জনগণসহ সবাইকে মানতে হবে।" এসময় স্পিকার আব্দুল হামিদ বলেন, "আপনার বক্তব্যের ওপরে আইনমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।" সুরঞ্জিত বলেন, "আজ ঐতিহাসিক দিন, গৌরবের দিন। এ ঐতিহাসিক রায়ের জন্য আমরা সুপ্রীম কোর্টকে অবনত মস্তকে সম্মান জানাতে চাই, অভিবাদন জানাতে চাই।" ৫ম সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল চেতনা নষ্ট করে দেওয়া হয় মন্তব্য করে তিনি বলেন, সুপ্রীম কোর্টের এ রায়ের মাধ্যমে সংবিধানের মূল চেতনা প্রতিষ্ঠিত হবে। সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন মঙ্গলবার খারিজ করেছে আপিল বিভাগ। বিএনপি সরকারের সময় ২০০৫ সালের ২৯ আগস্ট এক রায়ে হাইকোর্ট ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করে। তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দেয়। রায় স্থগিতে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আবেদন করলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার সে আবেদন প্রত্যাহার করে নেয়। এরপর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী সমর্থক তিন আইনজীবী আপিলের আবেদন করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১৯০৩ঘ.