ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় উদ্ভিদ উদ্যান ও ঢাকা চিড়িয়াখানার ভেতর দিয়ে ড্রেজিং পাইপলাইন স্থাপনের কাজ চার সপ্তাহের জন্য বন্ধ রাখতে বলেছে আদালত।
একটি মানবাধিকার সংগঠনের রিট আবেদনে হাইকোর্ট মঙ্গলবার এ নির্দেশ দেয়।
ওই দুটি স্থানের মধ্য দিয়ে ড্রেজিং পাইপলাইন স্থাপন কেন বেআইনি হবে না, তার কারণও জানতে চেয়েছে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ।
এ জন্য সরকারকে সময় দেওয়া হয়েছে দুই সপ্তাহ।
রিট আবেদনটি করেছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকী।
ওই আবেদনে বন ও পরিবেশ মন্ত্রণালয় সচিব, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় সচিব এবং ঢাকা চিড়িয়াখানা ও জাতীয় উদ্ভিদ উদ্যানের (ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন) প্রধান কর্মকর্তাকে বিবাদি করা হয়েছে।
রিটকারীর কৌঁসুলি মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, পরিবেশ মন্ত্রণালয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার ভেতর দিয়ে ড্রেজিং পাইপলাইন বসিয়ে এর পাশের নিচু এলাকা ভরাট করতে বেসরকারি একটি আবাসন প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে।
এতে উদ্ভিদ উদ্যান ও চিড়িয়াখানার পরিবেশে বিপর্যয় ঘটবে দাবি করে তা বন্ধেই রিট আবেদনটি করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৬৪০ ঘ.
bdnews24