২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপত্র জমায় সরকার সমর্থকদের বাধার অভিযোগ

ভোলায় সড়ক ও জনপথ বিভাগের দরপত্র জমাদানে সরকার সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 04:05 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

ভোলা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলায় সড়ক ও জনপথ বিভাগের দরপত্র জমাদানে সরকার সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তিন ঠিকাদারকে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ ওঠেছে। তবে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সামসুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, তার কার্যালয়ে কিছুই হয়নি। যা হওয়ার বাইরে হয়েছে। নির্দিষ্ট সময়ে যারা তার কক্ষে এসেছেন তারা সবাই দরপত্র জমা দিতে পেরেছেন। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ছিল বলেও তিনি জানান। ঠিকাদাররা জানান, সড়ক ও জনপথ বিভাগের তিন কোটি টাকার সাতটি গ্র"পের রাস্তা মেরামত কাজের দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল সোমবার বেলা সাড়ে ১১ টা পর্যন্ত। তারা অভিযোগ করেন, সকাল থেকে ছাত্রলীগ ও যুবলীগের একটি গ্র"প সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নেয়। দরপত্র জমা দিতে গেলে তারা ঠিকাদারদের বাধা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আটকে দেওয়া হয় মুল ফটক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে তার আগেই বাবুল মোল্লাসহ তিন ঠিকাদারকে মারধর করা হয়। এ ঘটনার সময় বেশ কয়েকজন ঠিকাদার সওজ কার্যালয় ত্যাগ করায় দরপত্র জমা দিতে পারেননি। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশও সাধারণ ঠিকাদারদের কার্যালয়ে ঢুকতে বাধা দেয় বলে তারা অভিযোগ করেন। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মাইনুর রহমান মোল্লা ওরফে তুহিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তিনি দরপত্র জমা দিতে গেলে শহরের যুগিরঘোল এলাকার আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বাধা দেয়। নির্বাহী প্রকৌশলীর কক্ষে প্রবেশের সময় তারা তাকে টেনে ধরে। তিনি বাধা উপেক্ষা করে দরপত্র জমা দিয়েছেন। তবে সকাল থেকে যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী বাধা দেওয়ায় অনেক ঠিকাদারই দরপত্র দাখিল করতে পারেননি বলে তুহিন দাবি করেন। ধ্র"ব হালদার নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা অভিযোগ করেন, সওজ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ক্ষমতাসীন দলের এক ঠিকাদার এসব করছেন। তবে তিনি ওই ঠিকাদারের নাম বলতে রাজি হননি। ভোলা সদর থানার ওসি মো. শাহজাহান শেখ সাংবাদিকদের জানান, দরপত্র দাখিলে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সকাল থেকেই পুলিশ দায়িত্বে ছিল। পরে দুই গ্র"পের উত্তেজনা দেখা দিলে আরো ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তিনি দাবি করেন, পুলিশের সামনে কাউকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি। দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে ভোলা জেলা যুবলীগের আহ্বায়ক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, "দরপত্র দাখিলে বাধা দেওয়ার সঙ্গে যুবলীগের কেউ জড়িত নয়।" কারা জড়িত ছিল- জানতে চাইলে তিনি বলেন, সেটা পুলিশ বলতে পারবে। জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাক আহমেদ শাহীন বলেন, "এ ঘটনায় ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। সওজ কার্যালয়ে যা ঘটেছে সেটা ঠিকাদারদের বিষয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.