২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউকে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া শিগগিরই শুরু হবে'

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার আবেদন জমা নেওয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের যুক্তরাজ্য বর্ডার এজেন্সির (ইউকেবিএ) অপারেশন্স ম্যানেজার স্টুয়ার্ট পার্সিভাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 03:30 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

সিলেট, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার আবেদন জমা নেওয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের যুক্তরাজ্য বর্ডার এজেন্সির (ইউকেবিএ) অপারেশন্স ম্যানেজার স্টুয়ার্ট পার্সিভাল। সোমবার বিকেলে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান। স্টুয়ার্ট পার্সিভাল বলেন, "শিক্ষার্থীদের ভিসার আবেদন গ্রহণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শিগগিরই তা আবার চালু করা হবে।" নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, "মূলত আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।" স্টুয়ার্ট জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে সাড়ে নয় হাজার আবেদন জমা পড়ে। অথচ আগের বছর একই সময়ে আবেদন জমা পড়েছিল মাত্র ১২শ'। জমে থাকা আবেদনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। গত বছরের এপ্রিলে যুক্তরাজ্যে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের যাওয়ার সুবিধা করে দিতে ভিসা ব্যবস্থা সহজ করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে এক বছরের পড়াশোনার খরচ এবং যুক্তরাজ্যে নিবন্ধিত কোনো কলেজে ভর্তির প্রমাণপত্র দেখালেই ভিসা দেওয়া হতো। তবে এসব নিবন্ধিত কলেজের মধ্যে অসংখ্য কলেজ রয়েছে যেগুলো শুধু ভিসা পেতে সাহায্য করতে নির্ধারিত ফি-র বিনিময়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদের ভর্তি করে আসছিল বলে অভিযোগ ইউকেবিএ'র। 'ভিসা কলেজ' নামে পরিচিতি পাওয়া এরকম প্রায় ১৪৬টি কলেজের নিবন্ধন জানুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, "এ বিষয়টি ইউকেবিএ তদন্ত করে দেখছে। তবে প্রয়োজনীয় শর্তাবলী পূরণের পর অনেক কলেজকে আবারো নিবন্ধিত করা হবে।" যেসব কলেজ ইতোমধ্যে অ্যাডমিশন লেটার ইস্যু করেছে অথচ এসব কলেজের নিবন্ধন বাতিল হয়ে গেছে এক্ষেত্রে শিক্ষার্থীরা কী করবে- জানতে চাওয়া হলে স্টুয়ার্ট বলেন, "এ দায় ইউকেবিএ'র নয়। এ দায় সংশ্লিষ্ট কলেজ ও শিক্ষার্থীর।" এ সময় অন্যান্যের মধ্যে ব্রিটিশ হাইকমিশনের প্রেস সেক্রেটারি সৈয়দা নাজনীন ফেরদৌসী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২১২৩ ঘ.