ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিবর্তে সংসদে উত্থাপিত 'সমন জারি' সংক্রান্ত সংশোধিত বিলটি আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটি সাংবাদিক ও লেখকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যাও চেয়েছে।
সোমবার কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "এ বিলটি জনমনে একটি প্রশ্ন তুলেছে, আর তা হলো- সাংবাদিক ও লেখকদের হাতে যদি মানুষ হয়রানির শিকার হয় সেক্ষেত্রে এর প্রতিকার কী?"
গত ১১ জানুয়ারি আইনমন্ত্রী শফিক আহমেদ শত বছর পুরনো এই বিলে সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিবর্তে 'সমন জারি' সংক্রান্ত সংশোধনী এনে জাতীয় সংসদে উত্থাপন করেন।
১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ৫০০ ধারার আওতায় মানহানিকর বক্তব্য প্রকাশের কারণে কোনো সংবাদপত্রের সম্পাদকসহ সাংবাদিকের বিরুদ্ধে সরকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে।
আইনমন্ত্রী শফিক ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল-২০১০ উত্থাপন করে বলেন, "ফৌজদারি কার্যবিধির বর্তমান (৫০০) ধারায় যে কোনো সাংবাদিক, সম্পাদক, লেখক ও প্রকাশক হয়রানির শিকার হতে পারেন। এই বিল সাংবাদিক, সম্পাদক, লেখক ও প্রকাশকদের বিরুদ্ধে হয়রানি বন্ধ করবে।"
পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়।
মন্ত্রিসভা গত মাসে এ সংশোধনী প্রস্তাব অনুমোদন করে।
সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, "প্রয়োজনীয় ব্যাখ্যা চেয়ে আমরা বিলটি মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়ে দিয়েছি।"
তবে কমিটি কী সুপারিশ করেছে সে বিষয়ে কমিটির চেয়ারম্যান ও সদস্যদের কেউই মুখ খোলেননি।
কমিটির চেয়ারম্যান বলেন, "বিলটি সংসদে উত্থাপনের জন্য কীভাবে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে সে ব্যাপারে মন্ত্রী কিছুই জানেন না।
"সাংবাদিক বা সুশীল সমাজের পক্ষ থেকে এ ধরনের বিল উত্থাপনের কোনো দাবি না থাকা সত্ত্বেও এ বিলটি উত্থাপনের যুক্তি কী তা মন্ত্রীর কাছে জানতে চেয়েছি।"
বিল উত্থাপনের পর তা আবার মন্ত্রণালয়ে পাঠানো যায় কিনা- জানতে চাওয়া হলে সুরঞ্জিত বলেন, "এতে কোনো সমস্যা নেই।"
সুরঞ্জিত সেনগুপ্ত জানান, বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ সংক্রান্ত নথি প্রস্তুত করা হয়েছিল বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
"সেক্ষেত্রে আমরা কেন তত্ত্বাবধায়ক সরকারের দায়-দায়িত্ব নেব", বলেন তিনি।
সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, "ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) সঙ্গে আরো অনেক আইন সম্পর্কযুক্ত। সেক্ষেত্রে এই সংশোধনের ফলে বিভ্রান্তি দেখা দেবে।"
বৈঠকে আইনমন্ত্রী শফিক আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২১১৪ঘ.
bdnews24