বাগেরহাট, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের একটি খাল থেকে একটি মৃত গাঙ্গেয় ডলফিন উদ্ধার করেছে গ্রামবাসী।
জেলার সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাহেবাহার গ্রামের আশাবুনিয়া খাল থেকে সোমবার ভোরে গ্রামবাসী স্থানীয়ভাবে শুশুক নামে পরিচিত ডলফিনটি উদ্ধার করে।
সাহেবাহার গ্রামের ভ্যানচালক মো. ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে তিনি আশাবুনিয়া খালের ওপর কালভার্টের নিচে ডলফিনটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে গ্রামের আরো কয়েকজনকে নিয়ে এটাকে গ্রামে নিয়ে আসেন।
স্থানীয়রা ধারণা করছেন, স্বাদু পানির এই ডলফিনটি পার্শ্ববর্তী চিত্রা নদীর স্লুইস গেট দিয়ে খালে ঢুকে পড়েছিল। জেলেদের জালে জড়িয়ে অথবা স্লুইস গেটে আঘাত পেয়ে সেটি মারা যায়।
তারা জানান, ডলফিনটি লম্বায় নয় ফুট। এটির ওজন প্রায় পাঁচ মণ।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে শুনে তিনি গ্রামবাসীর সঙ্গে যোগাযোগ করেন। তারা নিজেদের উদ্যোগে মাটি চাপা দিতে সম্মত হওয়ায় বনবিভাগ ডলফিনটি আর নিজেদের হেফাজতে আনেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৫ ঘ.
bdnews24