২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

বান্দরবান শহরের একটি আবাসিক হোটেল থেকে সোমবার সকালে ১৬ শিশুকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 01:20 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

বান্দরবান, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান শহরের একটি আবাসিক হোটেল থেকে সোমবার সকালে ১৬ শিশুকে উদ্ধার করা হয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কথা বলে পাচারের উদ্দেশ্যে এসব শিশুকে বান্দরবানে আনা হয়। প্রতারণার অভিযোগে মোহন ত্রিপুরা (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মীর্জা হাসান। উদ্ধার হওয়া সব শিশুই আদিবাসী ত্রিপুরা জনগোষ্ঠীর। বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের টংগুঝিড়ি পাড়া থেকে তাদের আনা হয়। মোহন ত্রিপুরার বাড়িও একই এলাকায়। উদ্ধার করা শিশুরা হল- সুন্দরী ত্রিপুরা (৯), চিজতী ত্রিপুরা (৭), মালতি ত্রিপুরা (৮), হাবেরুন ত্রিপুরা (৮), ছায়াতি ত্রিপুরা (৯), ইমানী ত্রিপুরা (৬), তারামান ত্রিপুরা (৭), দুনী ত্রিপুরা (১২), ইমারনি ত্রিপুরা (৮), রিজন ত্রিপুরা (৯), বুদিজন ত্রিপুরা (৮), জুয়েল ত্রিপুরা (১০), হিলটন ত্রিপুরা (৮), বস্তুচন্দ্র ত্রিপুরা (৭), সত্যজিত ত্রিপুরা (১০) ও ওসনায় ত্রিপুরা (৮)। এর আগে গত ১৩ জানুয়ারি বান্দরবানের থানচি উপজেলার ৩৩ শিশুকে শহরের একটি আবাসিক হোটেল থেকে পুলিশ উদ্ধার করেছিল। পাচারকারী সন্দেহে ওই সময় গ্রেপ্তার করেছিল তিনজনকে। এসআই মীর্জা হাসান জানান, গোপন সংবাদ পেয়ে সকাল ৯টার দিকে বান্দরবান বাজারের হাবিব বোর্ডিং থেকে ১৬ শিশুকে উদ্ধার করা হয়। আটক করা হয় মোহনকে। এ ঘটনায় একটি প্রতারণার মামলা হয়েছে বলে তিনি জানান। উদ্ধার হওয়ার এক শিশুর অভিভাবক যতীন্দ্র চন্দ্র ত্রিপুরা সাংবাদিকদের জানান, মোহন বান্দরবান শহরের হাফেজঘোনা এলাকায় বিটিএবিসি নামের একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কথা বলে শিশুদের নিয়ে আসেন। ভর্তি ফরমের জন্য মোহন মাথাপিছু একশ' টাকা করে নিয়েছেন বলে তিনি দাবি করেন। হাফেজঘোনায় বিটিএবিসি নামের কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি বলে এসআই মীর্জা হাসান সাংবাদিকদের জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৫ ঘ.