পটুয়াখালী, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাখাইন যুবক মংচওয়েন তাওয়ানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে জেলা রাখাইন সমাজ কল্যাণ সমিতি (রাসস)।
কলাপাড়া বৌদ্ধ মন্দিরের সামনে শুক্রবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে জেলা রাসাস সভাপতি উসুয়ে হাওলাদার, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, জাতীয় পার্টির সভাপতি আমজাদ হোসেন, কলাপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হক মুন্সি বক্তব্য রাখেন।
তারা হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জেলা রাসাস সভাপতি উসুয়ে হাওলাদার সাংবাদিকদের বলেন, ২১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাপাড়া ফিসারিজ এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন মংচওয়েন তাওয়ান। সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। রাতেই স্বজনরা তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তাওয়ানের স্ত্রী ইয়েন রাখাইন জানান, শাহাবুদ্দিন খন্দকার নামের একজনের নেতৃত্বে তার স্বামীর ওপর ওই হামলা হয়।
হামলার কারণ জানতে চাইলে তিনি জানান, শাহাবুদ্দিনের কাছে তারা একটি জমি বিক্রি করেছিলেন। সে বাবদ তার কাছে ১০ হাজার টাকা পাওনা ছিলো। ওই টাকা চাইলেই শাহাবুদ্দিন হামলা ও মামলার হুমকি দিত। ঘটনার দিনও টাকা চাওয়ার পর ক্ষিপ্ত হয়ে শাহাবুদ্দিন লোকজন নিয়ে তার স্বামীর ওপর হামলা চালায়।
এ ঘটনায় ইয়েন বাদি হয়ে কলাপাড়া থানায় সাতজনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৭৪২ ঘ.
bdnews24