যশোর, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে শুক্রবার ভোররাতে র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্র এবং এক কেজি হেরোইন উদ্ধার করেছে। আটক করেছে একজনকে।
পুলিশ জানিয়েছে, আটককৃত আবুল কালামের (৪০) বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। তার কাছ থেকে একটি করে কাটা রাইফেল ও শাটারগান উদ্ধার করা হয়েছে।
র্যাব বলছে, ঝিকরগাছার কৃত্তিপুর এলাকায় মুরাদ নগর পীরের মাজার এলাকায় অভিযান চালিয়ে চারটি কাটা রাইফেল ও চারটি দেশে তৈরি পিস্তল এবং ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এছাড়া শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ক্যাপ্টেন জে এম বকতিয়ার উদ্দিন সাংবাদিকদের জানান, এক বস্তায় ১০টি পলিথিনের প্যাকেটে ওই হেরোইন ছিলো। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অভয়নগর থানার ওসি আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের শংকর পাশা এলাকায় ভোররাতে অভিযান চালিয়ে একটি কাটা রাইফেল ও একটি শাটারগানসহ আবুল কালামকে আটক করা হয়।
তার বিরুদ্ধে একটি হত্যা ও দুটি ডাকাতি মামলাসহ সাতটি মামলা রয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এজে/১৪০৪ ঘ.
bdnews24