ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবের ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটি (২০১১-১২) নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে।
নির্বাচনে দুটি প্যানেলে ৩৪ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। মোট ভোটার ৬৫৯ জন।
নির্বাচন কমিটির সভাপতি জাকারিয়া পিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি ছিলো। মোট ভোট পড়েছে ৬২০টি।
নির্বাচনে আওয়ামী লীগ ও বাম দল সমর্থিত প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার। তিনি লড়ছেন সভাপতি পদে। এই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম।
অন্যদিকে বিএনপি ও চারদল সমর্থিত প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক কামাল উদ্দিন সবুজ। তিনি লড়ছেন সভাপতি পদে। প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী দৈনিক আমার দেশের উপ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
স্বতন্ত্র ওই প্রার্থী লড়ছেন সদস্য পদে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কমিটির বিদায়ী সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ ও কোষাধ্যক্ষ সৈয়দ আবদাল আহমেদ তাদের প্রতিবেদন উপস্থাপন করার পর সর্বসম্মতভাবে তা পাস হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৮১৪ ঘ.
bdnews24