নওগাঁ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফাঁদ পেতে ধরা ৪০টি অতিথি পাখিসহ নওগাঁয় আটক করা হয়েছে এক শিকারীকে।
পাখিগুলো বিক্রি সময় বৃহস্পতিবার দুপরে মহাদেবপুর উপজেলা সদরের বুলবুল প্রেক্ষাগৃহ এলাকা থেকে লোকজন তাকে আটক করে পুুলিশে দেয়।
পুলিশ জানায়, পরে পাখিগুলো অবমুক্ত করা হয়। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় শিকারীকে।
স্থানীয়রা জানায়, জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বিলদুবলা চানপুর গ্রামের জফের আলীর ছেলে আলেফ মন্ডল তার এলাকায় ফাঁদ পেতে ৫০টিরও বেশি পাখি ধরে এনে বিক্রি করার সময় তাকে আটক করা হয়।
ওসি নূর ইসলাম জানান, শিকারীর খাঁচায় ৪০টি কাদাখোঁচা ও চেগা পাখি পাওয়া যায়।
পরে তিনি পঙ্খিরাজ হিসেবে পরিচিত মুনসুর সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কিউ এম সাঈদ টিটো ও মানবাধিকার কর্মী অসিত দাসকে নিয়ে আত্রাই নদীতীরে পাখিগুলো ছেড়ে দেন।
ওসি জানান, বিকারে আলেফকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.
bdnews24