নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত মারা গেছে।
এর আগে ডাকাতদের হামলায় আহত হয়েছে স্থানীয় এক ব্যবসায়ী ও তার ছেলে।
বুধবার ভোররাতে উপজেলার ধুপতারা ইউনিয়নের বান্টি এলাকার কাপড় ব্যবসায়ী জুলহাস মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত জুলহাস (৬০) ও তার ছেলে মঞ্জুর হোসেনকে (২৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, গণপিটুনিতে নিহতের নাম এলেম (৩৫)। তার বাড়ি উপজেলার ধুপতারা ইউনিয়নের গিরদা গ্রামে।
ওসি জানান, লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
পুলিশ জানায়, ভোররাতে জুলহাস মিয়ার বাড়িতে ১৫/২০ জনের একদল ডাকাত হানা দেয়। তার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।
বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জুলহাস ও তার ছেলে মঞ্জুরকে আঘাত করে। ডাকাতি করে পালানোর সময় এলেমকে ধরে ফেলে লোকজন। অন্যরা পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, তিন লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল সেটসহ বিভিন্ন মাল লুটের অভিযোগ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০১ ঘ.
bdnews24