২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা-বরিশালে পৌরসভার প্রার্থী ২৭২৯

খুলনা ও বরিশাল বিভাগে ৫০টি পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুই হাজার ৭২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- খুলনা ও বরিশাল বিভাগে ৫০টি পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুই হাজার ৭২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনটি পদে খুলনা বিভাগে ৩১টি নির্বাচনযোগ্য পৌরসভায় এক হাজার ৭৫৫ জন এবং বরিশাল বিভাগের ১৯ পৌরসভায় ৯৭৪ জন। দুই বিভাগীয় উপনির্বাচন কমিশনার কার্যালয় সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানায়। এই দুই বিভাগের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিলো সোমবার। বিকাল পাঁচটা পর্যন্ত দুই বিভাগে তিনটি পদে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ২৪৪টি। ১৫ ডিসেম্বর শেষদিন পর্যন্ত দুই হাজার ৯শ' ৬২ জন মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইয়ে বাকিদের মনোনয়নপত্র বাতিল হয়। বরিশালের উপনির্বাচন কমিশনার মনিরুল ইসলাম রাত সাড়ে ৮টায় জানান, বরিশাল জেলার ৫টি পৌরসভার ২৮ জন মনোনয়ন প্রত্যাহার করেছে; প্রতিদ্বন্দ্বি প্রার্থী সংখ্যাও জানাতে পারেননি তিনি। তার কাছে বিভাগীয় কোনো তথ্য নেই জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি নির্বাচন কমিশনেে ক বিভাগীয় ত্য সংগ্রহের পরামর্শ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধি পৌরসভাগুলোর নির্বাচন কর্মকর্তাদের কথা বলে জানান, এই বিভাগে ১৯ পৌরসভায় প্রার্থীর সংখ্যা মেয়র পদে ৮২, কাউন্সিলর ৬৮৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২০৬। এর মধ্যে পিরোজপুর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে একজন এবং ভোলায় একজন কাউন্সিলর প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ বিভাগের ১৯টি নির্বাচনযোগ্য পৌরসভায় এই তিন পদে গত ১৫ ডিসেম্বর পর্যন্ত এক হাজার ৫৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সোমবার পর্যন্ত ৫০ জন মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। এর আগে বাছাইয়ে বাদ পড়েছে বাকিরা। খুলনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-নির্বাচন কমিশনার ধীবর কুমার বিশ্বাস জানান, এই বিভাগে এখন প্রতিদ্বন্দ্বির সংখ্যা মেয়র পদে ১৫২, কাউন্সিলর এক হাজার ২১৭ ও সংরক্ষিত কাউন্সিলর ৩৮৬। গত ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩১ পৌরসভায় তিনটি পদে এক হাজার ৯০৮ মনোনয়নপত্র দাখিল করেন। সোমবার পর্যন্ত প্রত্যাহার করে ১৫৩ জন। এর আগে বাছাইয়ে বাতিল হয় বাকিদের মনোয়নপত্র। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনযোগ্য ৭২ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা দাঁড়ায় চার হাজার ৭১১ জন। এর মধ্যে রাজশাহী বিভাগের ৪৯টি পৌরসভায় তিন হাজার ১৫৮ জন এবং রংপুরের ২৩ পৌরসভায় এক হাজার ৫৫৩ জন। এর আগে দুই বিভাগে তিনটি পদে ৫ হাজার ২শ' ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। প্রত্যাহার ও বাছাইয়ে বাদ পদে ৫ শতাধিক মনোনয়নপত্র। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ঢাকা বিভাগে শনিবার এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের পৌরসভায় রোববার মনোয়নপত্র প্রত্যাহারের শেষদিন। ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভায় মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৪ হাজার ১৬৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৬০টি পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিন হাজার ৮শ' ৪১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি ২৬২ পৌরসভার নির্বাচনের কথা রয়েছে। এরমধ্যে দুইটি পৌরসভার নির্বাচন আদালতের আদেশে এষনও স্থগিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমএসবি/২১১৭ঘ.