লালমনিরহাট, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এব বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন।
সোমবার সকাল সাড়ে ৫টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৩৮ নং মেইন পিলার সংলগ্ন এলাকায় হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে বলে সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর জানিয়েছে।
নিহত বেলাল হোসেনের (২৫) লাশ বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। বেলাল পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল গ্রামের আফসার আলীর ছেলে।
গুলিবিদ্ধ বাবুকে (২৭) স্থানীয় এক ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
লালমনিরহাট ৩১ বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়নের (বিডিআর) উপ-অধিনায়ক মেজর শফিক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ৮৩৮ নং মেইন পিলার সংলগ্ন এলাকায় ভারতের ১০৪ বিএসবাড়ী ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ করে।
তিনি বলেন, "এ সময় তারা বেলালকে লক্ষ্য করে পর পর ৭ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বেলাল মারা যান। গুলিবিদ্ধ হয় বাবু।"
শফিক জানান, গরু ব্যবসায়ী বেলাল ও বাবু সীমান্ত থেকে গরু নিয়ে ফিরছিলেন।
লাশ ফেরত চেয়ে বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩০৫ ঘ.
bdnews24