ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১৩ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে ছয়জনকে পদায়ন এবং অন্যদের দপ্তর বদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার এসব রদবদল করা হয়।
উপসচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের হাফিজ উদ্দিনকে জাতীয় শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মোয়াজ্জেম হোসেনকে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক, বিআরটিএ'র পরিচালক ফেরদৌস আলমকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং কর ন্যায়পাল কার্যালয়ের পরিচালক সৈয়দ মিজানুর রহমানকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
আইন মন্ত্রণালয়ের উপসচিব চন্দন কুমার দে'কে সড়ক ও রেলপথ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব আব্দুন নূর মোহাম্মদ আল ফিরোজকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং দেলোয়ার হোসেনকে সড়ক ও রেলপথ বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক নূর মোহাম্মদ মজুমদারকে একই দপ্তরের পরিচালক ও ওএসডি উপসচিব আইয়ুব হোসেনকে দুদকের পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
ওএসডি উপসচিব মইনউদ্দিন আহমেদকে নজরুল ইনস্টিটিউটের সচিব, শেখ আলমগীর হোসেনকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং সোলায়মান মণ্ডলকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমীর পরিচালক পদে নিয়োজিত কানিজ ফাতেমার চুক্তির মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে। তার এ নিয়োগ ১৭ জানুয়ারি অথবা যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৮৪০ ঘ.
bdnews24