ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান শিক্ষকের কক্ষে ঢুকেই একজন ছাত্র ছবি আঁকার কাগজটা বাড়িয়ে বলল, 'স্যার দেখেন'।
স্যার বললেন, "কী এঁকেছো এটা।"
"রকেট"।
"রকেটে চড়ে কোথায় যাবে?"
"স্যার, মঙ্গল গ্রহে।"
হয়তো কোনো দিনই মঙ্গল গ্রহে যাওয়া হবে না এই শিক্ষার্থীর। তবে, সে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তার মতো দেড়শো শিশু স্বপ্নের জাল বুনছে আমাদের পাঠশালায়।
'বঞ্চিত শিশুদের জন্য মানসম্মত মানবিক শিক্ষা' স্লোগান নিয়ে ২০০৮ সালের জানুয়ারিতে কয়েক জন তরুণ সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ঢাকার পল্লবীতে প্রতিষ্ঠা করেছেন এই বিদ্যায়তন। এখানে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে দরিদ্র ও বঞ্চিত শিশুরা।
গল্প বলা, ছবি আঁকা, গান ও নাটক পরিবেশনা, বার্ষিক ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শনিবার দিনব্যাপী পাঠশালার বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
পাঠশালার পরিচালক ও প্রধান শিক্ষক আবুল হাসান রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন দুই শিফটে চলে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীর ক্লাস। শিক্ষক রয়েছেন ১১ জন। এদের মধ্যে সাংস্কৃতিক বিষয়ে শিক্ষক তিন জন। একজন শিক্ষক সার্বক্ষণিক পাঠশালায় অবস্থান করেন।
বাংলাদেশ শিক্ষা বোর্ডের পাঠ্যসূচি অনুসরণ করে সাধারণ শিক্ষার পাশাপাশি শিশুদের কম্পিউটার ও হাতের কাজ শেখানো হয়। এছাড়া প্রতি শনিবার নাচ-গান, নাটক ও চিত্রাঙ্কন শিক্ষা দেওয়া হয়।
"ফুল বিক্রেতা, রেস্তোরাঁ কর্মী, ভিক্ষুক, টোকাই ও শ্রমিক শিশুদের ঠাঁই হয়েছে এই পাঠশালায়। অর্থাভাবে যারা স্কুলে যেতে পারে না তারাই এখানে পড়াশোনা করছে", বলেন পাঠশালার প্রধান শিক্ষক।
পাঠশালাটি ঘুরে দেখা যায়, তিনটি শ্রেণী কক্ষ, একটি গ্রন্থাগার এবং একটি অফিস কক্ষ রয়েছে। চারপাশের দেয়ালে আঁকা আছে রং-বেরঙের ফুল, পাখি, উড়ন্তমাছ, প্রজাপতি, ফড়িং, বেড়ালের গলায় ঘণ্টা বাধছে ইঁদুর, পাখির পিঠে বুনো মেয়ে অথবা রকেটে চড়ে ভিনগ্রহে দূরন্ত ছেলের ছুটে চলার চিত্র।
পাঠশালার সহকারী প্রধান শিক্ষক রনজিৎ মজুমদার বলেন, "শিশুদের সাথে আমাদের সম্পর্কটা আত্মিক। ছবির মতোই আমরা সকল অসম্ভবকে জয় করার স্বপ্ন দেখি।"
তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী চাঁদনী জানায়, তার বাবা রিক্সা চালায়। মা অন্যের বাড়ি কাজ করে।
প্রথম শ্রেণীর ছাত্রী সায়মার বাবা পোশাক কারখানায় কাজ করেন এবং মা করেন ঝিঁয়ের কাজ।
কেবল চাঁদনী ও সায়মা নয়, এখানকার বেশিরভাগ শিক্ষার্থীর বাবা-মা ছোটখাট কাজ করেন। তাদের বেশিরভাই বাস করে বস্তিতে। মাঝে মধ্যে বস্তি ভেঙ্গে দিলে অনেক শিশু পাঠশালা থেকে চলে যায় বলে জানান প্রধান শিক্ষক আবুল হাসান।
আবুল হাসান বলেন, "বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্খীদের দেওয়া অর্থ ও শিক্ষা উপকরণ দিয়েই চলে পাঠশালার শিক্ষা কার্যক্রম। তবে যা অনুদান পাওয়া যায় তা যথেষ্ট নয়।"
এই পাঠশালার শিক্ষকরা মনে করেন, শিশুদের সাথে তাদের সম্পর্ক রাগ, ক্ষোভ, জেদ, অভিমান, অভিযোগ ও ভালোবাসার। আর এই ভালোবাসা দিয়েই অধিকার বঞ্চিত এসব শিশুদের স্বপ্নের জাল বোনার কারিগর হিসেবে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন তারা। তাই পাঠশালার প্রতিটি অনুষ্ঠান শেষ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'আমরা করবো জয় একদিন' গানের মধ্য দিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/১৬৩০ ঘ.
bdnews24