২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার 'মাইন' উদ্ধার শেরপুর সীমান্তে

১৩ হাজার রাউন্ড গুলির পর এবার শেরপুরে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাইন জাতীয় সাতটি বিস্ফোরক দ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 07:27 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

শেরপুর, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৩ হাজার রাউন্ড গুলির পর এবার শেরপুরে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাইন জাতীয় সাতটি বিস্ফোরক দ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর। শনিবার সকাল পৌনে ১১টার দিকে ঝিনাইগাতি উপজেলার বাকাঁকুড়া গুচ্ছগ্রামের একটি জঙ্গল থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। এর সঙ্গে ৯৭ রাউন্ড গুলিও পাওয়া গেছে বলে বিডিআর জানায়। গুচ্ছগ্রামের ওই জঙ্গল থেকে মাইন জাতীয় বিস্ফোরক ও গুলির সঙ্গে কয়েকটি সিডি, ১৯টি বিভিন্ন মোবাইল ফোনের সিম কার্ড, একটি মোবাইল সেট, ভারতীয় রুপি, একটি ম্যাগজিন, দুটি গুলির লিংক বেল্ট, তিনটি ওয়াকিটকি, পাঁচটি লিংক বেল্টের গুলির বাক্স, পাঁচটি পিস্তলের ক্লিনিংরড পাওয়া গেছে। এগুলো একটি প্লাস্টিকের বস্তা এবং একটি ব্যাগে লুকানো ছিলো বলে জানান বিডিআরের নকশী ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. মফিজুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, "ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের দলিলসহ বিভিন্ন কাগজ, বোমা এবং বিস্ফোরক তৈরির নির্দেশাবলি সম্বলিত ডায়েরিও সেখানে পাওয়া গেছে।" মফিজুল বলেন, "মাইন জাতীয় বিস্ফোরকগুলোর ধ্বংসক্ষমতা মাইনের মতোই।" গত ১৮ ডিসেম্বর ওই গুচ্ছগ্রাম থেকে ১৩ হাজার রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এবার বিস্ফোরক ও গুলি উদ্ধারের ঘটনায়ও কাউকে চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি বিডিআর। উদ্ধার গুলি ও বিস্ফোরক ঝিনাইগাতী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে জানিয়ে মফিজুল বলেন, এ নিয়ে মামলা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬২৫ ঘ.