২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে অগ্নিদগ্ধ আরো এক জনের মৃত্যু

খিলক্ষেতে অগ্নিদগ্ধ আরো এক জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৬ এ দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 05:46 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খিলক্ষেতে অগ্নিদগ্ধ আরো এক জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৬ এ দাঁড়িয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নামাপাড়ার বোর্ডগার্ড এলাকায় একটি গুদামে আগুন লাগে। গুদামটিকে পুলিশ প্রথমে গুডনাইট মশার কয়েলের কারখানা বললেও শনিবার সকালে সেখানে গিয়ে কারখানার চিহ্ন পাওয়া যায়নি। তবে গুডনাইট অ্যারোসলের অনেক ক্যান ছিলো সেখানে। ছড়িয়ে ছিটিয়ে ছিলো মশার কয়েলের কিছু প্যাকেটও। আগুন লাগার একঘণ্টা পরই তা নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ছয়জনকে। এরই একজন আনোয়ার হোসেন (২৩) শনিবার সকাল ৬টায় মারা যান। আনোয়ারের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার ছোট তুলাগাঁও গ্রামে। তার বাবা সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবারের স্বচ্ছলতা আনতে তিন মাস আগে ৩ হাজার ৬০০ টাকা বেতনে এ কারখানায় কাজ নিয়েছিলো আনোয়ার।" সিরাজুলের পাঁচ সন্তানের মধ্যে আনোয়ার তৃতীয়। অগ্নিকাণ্ডে নিহত অন্যরা হলেন- রাসেল (১৭), ইউসুফ (২৫), তোফাজ্জল (২০), আমিনূর (২৫) ও আলমাস (২৫)। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অন্যরা হলেন- সাইদুর রহমান (৩০), জুয়েল (২০), ইকবাল হোসেন (২৬), আব্দুল হামিদ (২০) ও এনামুল (২১)। নিহত রাসেল, ইউসুফ, তোফাজ্জল ও আহত এনামুল আত্মীয়। তাদের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার জঙ্গলবাড়ি এলাকায়। রাসেলের মা হাজেরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে মূলত প্রায় ফুরিয়ে যাওয়া অ্যারোসলের ক্যান থেকে গ্যাস বের করে দেওয়ার কাজ করতেন। আমিরুল নামে অন্য একজনের মৃত্যুর খবর রাতে স্থানীয় সূত্র জানালেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তার মা মুর্শেদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে আমিরুল নিখোঁজ। দোতলা ভবনের পেছনে টিনের ছাউনী দেওয়া বড় একটি ঘরে ক্যান থেকে গ্যাস বের করার কাজ চলতো। তবে এর মালিক পক্ষের কাউকে সকালে সেখানে পাওয়া যায়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাত সদস্যের কর্মকর্তাকে সকালে সেখানে তদন্ত চালাতে দেখা যায়। তদন্ত দলের সদস্য সহকারী পুলিশ সুপার সবদার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আলামত সংগ্রহ করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ক্যান থেকে গ্যাস বের করার সময় বিস্ফোরণ ঘটে। আর এতে আগুন ধরে যায়।" চিকিৎসাধীন ইকবালও সাংবাদিকদের জানান, রাতে পুরনো ও বাতিল অ্যারোসলের বোতল নষ্ট করার কাজ চলছিলো। ওই সময় একটি বোতলে বিস্ফোরণ হলে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় মসজিদের ইমাম আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গুদামে কী কাজ হতো, তারা ঠিক জানতেন না। তবে তারা আগেও ভেতর থেকে বিকট শব্দ পেতেন। অগ্নিকাণ্ডের কথা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার সময় 'কারখানাটি' চালু ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৪২৫ ঘ.