ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোলাই মদ, জাল টাকা ও অস্ত্রসহ শুক্রবার গাজীপুর ও ঝিনাইদহে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
এর মধ্যে ঝিনাইদহে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর সদরের সুনীল রবি দাসের স্ত্রী সুমিতা রানী দেব (২৫), ঠাকুরগাঁওয়ের হৃদয় (৩৫) ও তার স্ত্রী সুমিতা (২২)।
এর মধ্যে ঘটনাস্থলেই সুমিতা রানীকে মাদক আইনে দুবছরের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস সাংবাদিকদের জানান, জেলার সদর উপজেলার কোনাবাড়ি আমবাগ এলাকায় শুক্রবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তারি কাদরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
সুনীল রবি দাসের বাড়ি থেকে ২০ হাজার লিটার চোলাই মদ, ৫ কেজি নিশাদল উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর সুমিতাকে কারাগারে পাঠানো হয় বলে র্যাব কর্মকর্তা জানান।
তিনি আরো জানান, সকালে শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় অভিযান চালিয়ে ৫ শ' টাকার ৯টি এবং এক হাজার টাকার ১টি জাল নোটসহ হৃদয় ও তার স্ত্রী সুমিতাকে আটক করা হয়।
তাদের থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রুবেল (২১) নামে এক তরুণকে একটি শাটারগানসহ গ্রেপ্তার করেছে।
রুবেল সদর উপজেলাল কোড়াপাড়া গ্রামের বিশারত আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, শহরের বিভিন্ন স্থানে পুলিশ অবৈধ মটরসাইকেল আটকের জন্য তল্লাশি শুরু করে। রুবেলের মটরসাইকেল আটকে তল্লাশির সময় অস্ত্রটি পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৭ ঘ.
bdnews24