২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন: ৪০ হাজারেরও বেশি ভোটগ্রহণ কর্মকর্তা

পৌর নির্বাচনে ভোট নেওয়ার জন্য ৪০ হাজারেরও বেশি কর্মকর্তার তালিকা চূড়ান্ত করা হচ্ছে। রাজনৈতিক সদস্য ও বিতর্কিত কাউকে তালিকাভূক্ত না করার নির্দেশনা দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 01:24 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনে ভোট নেওয়ার জন্য ৪০ হাজারেরও বেশি কর্মকর্তার তালিকা চূড়ান্ত করা হচ্ছে। রাজনৈতিক সদস্য ও বিতর্কিত কাউকে তালিকাভূক্ত না করার নির্দেশনা দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব (পৌর ও পল্লী) আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। ইতোমধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "মনোনয়ন প্রত্যাহারের সময়সূচির পরই (রোববার) প্যানেল থেকে বাছাই করে ভোটগ্রহণ কর্মকর্তা চূড়ান্ত করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হবে। দলীয় সম্পৃক্ত ও বিতর্কিত ব্যক্তিদেরকে এ তালিকা থেকে বাদ দেওয়া হবে।" এই কর্মকর্তা জানান, বর্তমানে নির্বাচনযোগ্য পৌরসভাগুলোয় তিন হাজারেরও বেশি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে অন্তত পাঁচটি করে ভোট কক্ষ (প্রায় পনের হাজার ভোট কক্ষ) থাকছে। প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার (তিন হাজার), কেন্দ্র প্রতি দুই জন করে সহকারি প্রিজাইডিং অফিসার (ছয় হাজার) এবং প্রতি ভোট কক্ষে দুই জন করে পোলিং অফিসার (প্রায় ৩০ হাজার) নিয়োজিত থাকবে। এ হিসাবে সারাদেশে প্রায় ৪০ হাজার ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে। ইসি কর্মকর্তারা জানান, সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী/সমমর্যাদা সম্পন্ন, কলেজ, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক বা সমমর্যাদা এবং প্রয়োজন বোধে ব্যাংক-বীমার সমমর্যাদার কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে নিয়োগ পাবে। এসব প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা বা সমমর্যাদার কর্মকর্তারা সহকারি প্রিজাইডিং অফিসার এবং সরকারি বা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা পোলিং অফিসার হিসেবে থাকবেন। ইতোমধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেলে প্রয়োজনের চেয়ে ১০ শতাংশ বেশি কর্মকর্তা অন্তর্ভূক্ত করা হয়েছে। কোনো কর্মকর্তাকে নিয়ে প্রশ্নের সৃষ্টি হলে তাকে বাদ দিয়ে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। কোনো প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিকে নিজের কেন্দ্রে (যে প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন, তা ভোট কেন্দ্র হলে) দায়িত্ব দেওয়া হবে না। সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসারও যে ভোটকেন্দ্রের ভোটার সেই ভোট কেন্দ্রে দায়িত্ব পাবে না। "কোনো ভোট গ্রহণ কর্মকর্তা যাতে প্রার্থী ও ভোটারদের দ্বারা প্রভাবিত হতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মদক্ষতা, সততা, সাহস ও নিরপেক্ষতা বিবেচনায় রেখেই প্যানেল করা হয়েছে", বলেন আবদুল বাতেন। ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী অনিয়মের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে বলে জানান তিনি। কোন কর্মকর্তা ভোটের গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হলে, কোন ব্যক্তিকে ভোট প্রদানে প্ররোচিত, নিবৃত্ত, প্রভাবিত বা নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে বা শৃঙ্খলা ভঙ্গ করলে এক থেকে ৫ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। কোন ব্যক্তি কোন অনিয়মে জড়িত হলে কারণ দেখিয়ে সঙ্গে সঙ্গে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। নির্বাচনী ও পোলিং এজেন্টদের জন্য বিশেষ ব্যান্ড ইসি কর্মকর্তা জানান, পৌরসভা ও ওয়ার্ডের ভোটাররা শুধু সংশ্লিষ্ট এলাকার এজেন্ট হতে পারবে। বহিরাগত কারো নির্বাচনী ও পোলিং এজেন্ট হওয়ার সুযোগ নেই। পৌর নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ও পোলিং এজেন্টদের বাহুতে বাধার বিশেষ ব্যান্ড থাকছে। ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে এজেন্টদের দুই কপি ছবিসহ তালিকা জমা দিতে হবে। সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কারণ ছাড়া ভোট গণণা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টরা ভোটকেন্দ্র ত্যাগ করতে পারবে না। আগামী ১২ জানুয়ারি, ১৩ জানুয়ারি, ১৭ জানুয়ারি, ১৮ জানুয়ারি ও ২৭ জানুয়ারি দেশের ২৫৯ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় প্রায় সাড়ে তিন হাজার পদের বিপরীতে ১৬ হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন কমিশন ২৬২ পৌরসভার নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। তবে আদালতের আদেশে তিনটি পৌরসভায় নির্বাচন এখন পর্যন্তস্থগিত রয়েছে। এসব পৌরসভায় ৬৯ লাখ ২২ হাজার ৩০৩ জন ভোটারের বিপরীতে ভোট কেন্দ্র রয়েছে ৩২৫০টি, আর ভোট কক্ষ ১৬ হাজার ২৩৩টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৯১৬ ঘ.