চুয়াডাঙ্গা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অপহরণ চক্রের পাঁচ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা পুলিশ।
বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি।
চুয়াডাঙ্গার পুলিশ সুপারিনটেন্ডেন্ট (এসপি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের হকপাড়া থেকে রাত ৮টার দিকে মজনু মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
তার বাড়ি জেলার আলমডাঙ্গা উপজেলার টিউরবিলা গ্রামে।
মজনুর দেওয়া তথ্য অনুযায়ী ভোররাত ৪টার দিকে নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অপর চারজনকে।
এরা হলেন- আলমডাঙ্গার হাকিমপুর গ্রামের মিলন হোসেন ও আতিয়ার রহমান এবং সদর উপজেলার নবীনগর গ্রামের বিশারত আলী ও মওলা মণ্ডল।
তাদের কাছ থেকে একটি শাটারগান, একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও সাতটি বোমা উদ্ধার করা হয়।
এসপি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে শুক্রবার দুপুরে দু'টি মামলা হয়েছে।
তিনি আরো জানান, মজনু বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় চারটি হত্যা ও তিনটি অপহরণের মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯০২ ঘ.
bdnews24