আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন মাসের শিশু সিয়াম। গড়ন পাতলা। তার মা তাকে কলা খাওয়ানোর চেষ্টা করছেন। কলার টুকরো মুখে ঢুকিয়ে দেওয়া হলেও সিয়াম তা বের করে দিচ্ছে। তবুও কলা মুখে ঢুকিয়ে দিচ্ছেন তার মা।
জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়ানোর কথা থাকলেও সরেজমিনে একটি ধানের চাতালে গিয়ে দেখা যায়, একজন মা তার তিন মাসের শিশুকে এভাবে জোর করে অন্য খাবার খাওয়ানোর চেষ্টা করছেন।
সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বলছে, জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না। অন্য কিছু খাওয়ানো হলে তা হবে শিশুর জন্য ক্ষতিকর। এমনকি শিশু অপুষ্টিতেও ভুগতে পারে।
কিন্তু গাজীপুরের কালিয়াকৈরে অন্ততঃ ২০টি চাল কলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানের চাতালে কর্মরত বেশিরভাগ মা সরকারের এ কার্যক্রম সম্পর্কে তেমন একটা জানেন না কিংবা জানলেও তাদের সচেতনতার অভাব রয়েছে।
কালিয়াকৈরে একটি স্বয়ংক্রিয় চাল কলের চাতালে প্রায় সাত বছর ধরে কাজ করছেন রত্না বেগম (৩৫)। তার স্বামী কুদ্দুস আলী (৪০) রিকশাচালক।
রত্না বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার দুই ছেলে তিন মেয়ে। ১৫ থেকে ১৬ বছর বয়সের প্রথম সন্তানটি বুদ্ধি প্রতিবন্ধী। অন্য তিনটি ছেলে মেয়ের বয়সের তফাতও কম। ছোট ছেলে সিয়ামের বয়স এখন তিন মাস।"
এই সিয়ামকেই তিনি কলা খাওয়ানোর চেষ্টা করছিলেন।
ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের শুধু বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে- এ কথা জানেন কিনা জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, "শুনেছি, ডাক্তার বলেছিলো। তবে আমার বুকের দুধ কম। তাই বাচ্চাকে কলা খাওয়াচ্ছি।"
কলা খাওয়ানোর ফলে শিশুর সমস্যা হতে পারে- এমন কথা তুলতেই তিনি পাল্টা প্রশ্ন করেন, "গরীব মানুষের আবার সমস্যা কিসের? আগের ছেলে মেয়েদেরও খাওয়াইছি। সমস্যা একটু হলে হইবে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে।"
এ ধরনের কথা শুধু রত্না বেগম নয়, ধানের চাতালে কর্মরত বেশিরভাগ নারী শ্রমিকের মুখেই শোনা গেল।
মায়েদের মধ্যে দুই একজন বাদে অন্যরা ছয় মাস বয়সের আগেই শিশুদের সুজি, প্যাকেটজাত ফলের রস ইত্যাদি দেন বলে জানান।
কথা হয় প্রায় পাঁচ মাস বয়সী শিশু আলী আজগরের মা আলেয়া বেগমের সঙ্গে। তিনি জানান, জন্মের দুই মাস পর থেকেই আজগরকে বুকের দুধের পাশাপাশি সুজি ও প্যাকেটজাত ফলের রস খাওয়ানো হয়েছে।
কালিয়াকৈরে ধানের চাতালগুলোতে এক হাজারেরও বেশি নারী শ্রমিক কাজ করেন। অনেকের স্বামীও চাতালে কাজ করেন।
আলেয়ার স্বামী হায়দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজগর তাদের দ্বিতীয় সন্তান। শিশুটি জন্ম নেওয়ার ৪০ দিন পর থেকে তার মা আবার কাজ শুরু করেছেন।
শিশুটিকে চাতালের এককোণে রেখে তারা স্বামী-স্ত্রী দুজনই কাজ করেন জানিয়ে হায়দার আলী বলেন, "অভাবের সংসার, তাই এভাবে কাজ করতে হয়।"
বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসের (বিআইএইচএস) কমিউনিটি নিউট্রিশন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেধা সম্পন্ন এবং সুস্থ জাতি গঠনে নবজাতক ও শিশুর পুষ্টি গুরুত্বপূর্ণ। শিশুরা অপুষ্টির শিকার হলে ভবিষ্যত প্রজন্মের মানসিক ও শারীরিক গঠন বাধাপ্রাপ্ত হবে। এর ফলে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধিও ব্যাহত হবে।"
তিনি বলেন, "বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) এর তথ্য অনুযায়ী, ছয় মাসের কম বয়সী ৪৩ শতাংশ শিশুকে শুধু বুকের দুধ দেওয়া হচ্ছে। শিশুদের ছয় মাস পর্যন্ত পানি, ফলের রস, অন্য দুধ বা খাবার দেওয়া নিষেধ থাকলেও অর্ধেকেরও বেশি শিশুকে বুকের দুধের পাশাপাশি এসব খাবার দেওয়া হচ্ছে।"
এক্ষেত্রে অনেক মা শিশুর বয়স ছয় মাস হওয়ার আগেই অর্থাৎ বয়স দুই তিন মাস হলেই নিয়মিত বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেন কিংবা বুকের দুধের পাশাপাশি অন্য খাবার খাওয়ান বলে মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ফাতেমা পারভীন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শিশুদের শুধু বুকের দুধ খাওয়ানোর কথা থাকলেও শতকরা ৪৩ জন শিশু বুকের দুধ পায়।"
ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানো শিশু ও মা উভয়ের জন্য উপকারী- এ কথা জানিয়ে তিনি বলেন এ ছাড়া মধু, পানি, চিনির পানি কিংবা অন্য কিছু শিশুকে খাওয়ানো যাবে না। এগুলো নবজাতক ও শিশুর জন্য ক্ষতিকর।"
বুকের দুধ খাওয়ানোর হার কম প্রসঙ্গে তিনি বলেন, "অসচেতনতা ও মায়েদের অবহেলার কারণে এমনটা হতে পারে।"
স
bdnews24