লালমনিরহাট, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় হাতিবান্ধা উপজেলার দই খাওয়া এলাকায় ওই ব্যক্তি নিহত হন বলে বিডিআর জানায়।
স্থানীয়রা বলছেন, নিহত সাইফুর রহমান (২২) ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। তার বাড়ি হাতিবান্ধার দক্ষিণ গোতামারী গ্রামে।
৩১ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিক উদ্দিন সাংবাদিকদের বলেন, সীমান্তের ৯০১ মেইন পিলারের ৪ নম্বর সাব পিলারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাইফুর। মরিচাবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছোড়ে।
সাইফুরের লাশ বিএসএফ নিয়ে গেছে জানিয়ে মেজর শফিক বলেন, লাশ ফেরত চেয়ে তাদের চিঠি পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫৩০ ঘ.
bdnews24