২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

সম্পদের তথ্য গোপনের অভিযোগে মংলা শুল্ক বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 01:28 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

বাগেরহাট, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্পদের তথ্য গোপনের অভিযোগে মংলা শুল্ক বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান খুলনা সদর থানায় মামলাটি করেন। মামলার আসামি হলেন- রাজস্ব কর্মকর্তা (প্রিন্সিপ্যাল এপ্রাইজার) মোহম্মদ হায়দার গাজী। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার বাঁকা গ্রামে। অপরদিকে, বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক (সার) মো. লিয়াকত হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুদক। দুদক'র সহকারী পরিচালক মো: এনায়েত হোসেন খুলনা মহানগর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে বৃহস্পতিবার দুপুরে অভিযোগপত্রটি দাখিল করেন। অভিযুক্ত লিয়াকত হোসেন বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। তার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ভাঙ্গার চর গ্রামে। দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ৫ মে রাজস্ব কর্মকর্তা হায়দার গাজীকে তার সম্পদের দিতে চিঠি দেওয়া হয়। তিনি ওই মাসের ১১ তারিখে সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তার স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ১৫ লাখ ৬ হাজার ১৯২ টাকার সম্পদের হিসাব রয়েছে। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, তার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমান ২৯ লাখ ৪৮ হাজার ৩১৬ টাকা। হায়দার ১৪ লাখ ৪২ হাজার ১২৪ টাকার সম্পদের হিসাব গোপন করেছেন। মামলার অভিযোগে বলা হয়, হায়দার সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে এই সম্পদের মালিক হয়েছেন। দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, ২০০৬ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত খুলনায় বিএডিসির পাঁচটি গুদামে পাঁচ হাজার ২২ দশমিক ৯০ মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার রক্ষিত ছিল। এই সময়কালে মো. লিয়াকত হোসেন ২৯ দশমিক ৭২৪ মেট্রিক টন সার উত্তোলন করে তা বিক্রি করেন। এর মাধ্যমে তিনি পাঁচ লাখ ৯৪ হাজার ৪৮০ টাকা আত্মসাত করেন। বিএডিসির আভ্যন্তরীণ তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। চলতি বছরের ১২ এপ্রিল খুলনার খালিশপুর থানায় লিয়াকত হোসেনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৪ ঘ.