গাজীপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মজুরি কাঠামোতে বেতন বৈষম্য ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক কম দেওয়ার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।
ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে লাঠিপেটা করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার ঘোষিত মজুরি কাঠামোয় নতুন-পুরাতন শ্রমিকদের বেতন বৃদ্ধিতে বৈষম্য ও ওভারটাইমের পারিশ্রমিক কম দেওয়ার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার বড়বাড়ি তারগাছ এলাকার ইন্টার ফ্যাব শার্ট ম্যানুফ্যাক্চার এপারেলস নামের পোষাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার দুপুরে খাবারের বিরতির পর কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে দুপুর সোয়া ২টার দিকে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় এবং আশপাশের কারখানায় ভাংচুরের চেষ্টা চালায়।
শ্রমিকদের অবরোধের কারণে রাস্তার দু'পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশ বার বার আহ্বান জানালেও শ্রমিকরা অনড় থাকে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিকদের নিক্ষিপ্ত ইটের আঘাতে পুলিশসহ কয়েকজন আহত হয়েছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিকাল সাড়ে ৩টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮১৮ ঘ.
bdnews24