২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় গ্রেপ্তার ছয় হিজবুত সদস্য রিমান্ডে

রাজধানীর উত্তর থেকে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরির এর কেন্দ্রীয় কোষাধ্যক্ষসহ ছয় সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 11:18 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তর থেকে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরির এর কেন্দ্রীয় কোষাধ্যক্ষসহ ছয় সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। বুধবার বিকালে উত্তরার ১২ নম্বর সেক্টরের ৬/বি সড়কের ৪১ নম্বর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আক্কাস হোসেন মহানগর হাকিম আদালতে তাদেরকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানান। আবেদনে তিনি তাদের সহযোগীদের গ্রেপ্তার এবং অস্ত্র ও গোলাবারুদের উদ্ধারের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে উল্লেখ করেন। শুনানি শেষে মহনগর হাকিম কামরুন নাহার রুমি তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, হিযবুত তাহরীরের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মো. পারভেজ আহমেদ (২৯), ফয়সাল কবির (৩০), মো. মাসুদ পারভেজ (২৪), মো. মাহফুজুর রহমান (২১), মাকসুদুর রহমান (২০) ও ইরফান আহমেদকে (৩০) গ্রেপ্তারের সময় উত্তরার ওই বাসা থেকে দুটি পেট্রোল বোমা, লিফলেট ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়। মহানগর পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিযবুত তাহরির সদস্যরা গোপন বৈঠক করছে সংবাদ পেয়ে ওই বাসায় অভিযান চালানো হয়। ওখানে তাদের বৈঠক করা অবস্থায় পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পারভেজ আহমেদ বুয়েট থেকে লেখাপড়া শেষ করে সংগঠনের কাজে জড়িত হন। এছাড়া রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ ও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হিযবুত তাহরির বাংলাদেশ সংগঠনটি গত বছরের ২২ অক্টোবর নিষিদ্ধ করে সরকার। তারপর এর কয়েকজন শীর্ষ নেতাকেও গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১৭১০ ঘ.