চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাগজপত্র চাওয়ায় চট্টগ্রামে কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টকে লাঞ্ছিত করেছেন এক মটর সাইকেলের দুই আরোহী। ওই দুই ব্যক্তি মটর সাইকেলে গোপালগঞ্জের নম্বরপ্লেট দেখিয়ে দম্ভও প্রকাশ করে বলে পুলিশ জানিয়েছে।
নগরীর খুলশী থানা এলাকায় ওমর গণি এমইএস কলেজের সামনে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই ঘটনার পর মটর সাইকেলটি আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে আরোহী দুই যুবক পালিয়েছে।
খুলশী থানার ওসি মশিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্তব্যরত অবস্থায় ট্রাফিক সার্জেন্ট মশিউর রহমানের সঙ্গে মটর সাইকেল আরোহীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আরোহীরা তাকে লাঞ্ছিত করে।
খুলশী থানার উপ- পরিদর্শক মো. হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টায় এমইএস কলেজের সামনে দায়িত্ব পালন করছিলেন মশিউর। তখন আইন অমান্য করে সড়কের উল্টো পাশ দিয়ে একটি মটর সাইকেল চলছিলো। এতে দুজন আরোহী ছিলেন।
"কর্তব্যরত সার্জেন্ট মটর সাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। কিন্তু আরোহীরা কাগজ পত্র দেখাতে অস্বীকৃতি জাানিয়ে বলেন, এটি গোপালঞ্জের মোটর সাইকেল", বলেন হেলাল।
তিনি জানান, তর্কাতর্কির এক পর্যায়ে মটর সাইকেল আরোহীরা সার্জেন্ট মশিউরকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়।
তবে কিছুক্ষণ পর ঘটনাস্থলের পাশের ভুঁইয়া গলি থেকে মটর সাইকেলটি (গোপালগঞ্জ হ ১১-০৪৬৮) উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মটর সাইকেল আরোহীর নাম মোহাম্মদ ফিরোজ। ফিরোজ নিজেকে এমইএস কলেজ ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দেয়।
তবে চট্টগ্রাম নগর ছাত্রলীগ সভাপতি এমআর আজিম সাংবাদিকদের বলেন, ফিরোজ ছাত্রলীগের সঙ্গে যুক্ত নয়। সে এলাকার মাস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৬১০ ঘ.
bdnews24