২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নজরুল ইন্সটিটিউট প্রতিষ্ঠার ঘোষণা তথ্যমন্ত্রীর

চট্টগ্রামে নজরুল ইন্সটিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 05:51 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে নজরুল ইন্সটিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বুধবার সন্ধ্যায় নগরীর ডিসি হিল প্রাঙ্গনে বিভাগীয় পর্যায়ে জাতীয় নজরুল সম্মেলন, চট্টগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোাষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, "চট্টগ্রামে নজরুল ইন্সটিটিউট প্রতিষ্ঠা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি কথা দিচ্ছি। প্রয়োজনীয় পর্যায়ক্রমে অর্থ জোগাড় করা হবে।" ইন্সটিটিউট প্রতিষ্ঠায় জমির ব্যবস্থা করতে তিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে অনুরোধ জানান। নজরুল ইন্সটিটিউট আয়োজিত দুই দিনব্যাপী নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম। চট্টগ্রামে বিভাগীয় নজরুল সম্মেলনের পর পর্যায়ক্রমে খুলনা, সিলেট ও বরিশালে সম্মেলন আয়োজন করা হবে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম ও ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য বেগম খিলিখিল কাজী। খিলখিল কাজী ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজী নজরুল ইসলাম রচিত বাংলাদেশের রণ সঙ্গীতটি বিভিন্ন সামরিক অনুষ্ঠানে ও রাষ্ট্রীয় অতিথিদের আগমনে বাজানো হতো। অথচ গত কয়েক বছর ধরে তা বাজানো হচ্ছে না। এ বিষয়ে তিনি তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মুখ্য আলোচক ড. মাহবুবুল হক বলেন, বিভিন্ন শ্রেণীর পাঠ্যসূচীতে নজরুলের রচনা আরো বেশি অন্তর্ভুক্ত করা উচিত। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক রশিদ হায়দার। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। বিভাগীয় নজরুল সম্মেলন উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে প্রশিক্ষণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন ঢাকা ও চট্টগ্রামের শিল্পীরা। স্থানীয় শিল্পীরা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২৩৪০ ঘ.