চট্টগ্রাম, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পতেঙ্গা উপকূলের কাছে বঙ্গোপসাগরে একটি ভারতীয় জাহাজ থেকে নিঃসরিত তেল ভাসতে থাকার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর।
গত কয়েকদিন ধরে নগরীর সীতাকুণ্ডের অদূরে বঙ্গোপসাগরের প্রায় দুই-তিনশ ফুট এলাকায় ভাসমান তেল দেখা যায়।
বুধবার চট্টগ্রাম পরিবেশ অধিপ্তরের পরিচালক জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতীয় পতাকাবাহী এমভি ওশান পার্ল নামক জাহাজ থেকে ওই তেল নিঃসরণ হয়েছে।"
তিনি জানান, জাহাজটি দীর্ঘদিন ধরে পতেঙ্গা গোল্ডেন বিচ থেকে তিন কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বর্হিনোঙ্গরে অবস্থান করছে।
"জাহাজটি থেকে জ্বালানি তেল সরানোর সময় সমুদ্রের পানিতে পড়েছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। জাহাজের ক্যাপ্টেন আবদুল হাই বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছেন," বলেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আট হাজার টন ইউরিয়া সার নিয়ে জাহাজটি তিন মাস ধরে বঙ্গোপসাগরে অবস্থান করলেও ওই সার সরানো হয়নি।
তিনি জানান, জাহাজটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ছে। তবে জাহাজ মালিকের পরিচয় জানা যায়নি।
জাফর আলম জানান, ওই এলাকার সমুদ্রের পানির নমুনা পরীক্ষার প্রাথমিক ফলে পানি দূষিত হয়ে আশংকাজনক হয়ে ওঠার মতো কোনো উপাদান পাওয়া যায়নি।
"পানির নমুনা পরীক্ষা করে এর বিওডি (বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড) সহনীয় মাত্রায় পাওয়া গেছে। জলজ প্রাণী বা উদ্ভিদ বেঁেচ থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন ওই এলাকার পানিতে রয়েছে," বলেন তিনি।
তিন সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নগরী থেকে সীতাকুণ্ডের সোনাইছড়ি পর্যন্ত সমুদ্র উপকূলীয় এলাকা পরিদর্শন করে।
পরিদশকন দলের সদস্যরা হলেন- চট্টগ্রাম পরিবেশ অধিপ্তরের ঊর্ধতন রসায়নবিদ জহিরুদ্দিন, সহকারী পরিচালক তাজমিনুর রহমান ও পরিদর্শক সাইফুল আশ্রাব।
জাফর আলম জানান, শুধু ভারতীয় পতাকাবাহী জাহাজের আশপাশে তেলের অস্তিত্ব দেখা গেছে। পরিদর্শক দল ১৫ কিলোমিটার সমুদ্র এলাকা পরিদর্শন করে অন্য কোথাও দীর্ঘ এলাকা ধরে তেল ভাসতে দেখেনি।
তিনি জানান, ওই তেল সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় গড়ে ওঠা জাহাজ ভাঙা ইয়ার্ড থেকে আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/পিডি/২১১৭ ঘ.
bdnews24