২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া খনি এলাকায় ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

সমঝোতা চুক্তি অনুযায়ী জমির দাম নির্ধারণ এবং পুনর্বাসনের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 02:34 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

দিনাজপুর, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমঝোতা চুক্তি অনুযায়ী জমির দাম নির্ধারণ এবং পুনর্বাসনের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা বিক্ষোভ করেছে। সকাল ১১টার দিকে বড়পুকুরিয়া বাজার থেকে মিছিল বের করে বিক্ষোভকারীরা। মিছিলটি খনি এলাকা প্রদক্ষিণ করে। পরে বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন- ভূমি ও সম্পদ রক্ষা কমিটির সভাপতি মোখলেসুর রহমান ও সদস্য সচিব আব্দুস সামাদ। তারা সরকারের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, বাণিজ্যিক এলাকার প্রতি শতক জমির বর্তমান সর্বনিম্ন মুল্য যেখানে এক লাখ টাকা সেখানে ক্ষতিগ্রস্ত এলাকায় একর প্রতি ২৫ লাখ টাকা দেওয়ার কথা বলছে সরকার। এ ছাড়া সরকার যে প্যাকেজ দিচ্ছে সেখানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যাপারে কিছু বলা হয়নি বলে তারা দাবি করেন। তারা বলেন, ২০০৯ সালের ১৫ মে করা সমঝোতা চুক্তি বাস্তবায়ন ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মানা হবে না। ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব আব্দুস সামাদ বলেন, সরকারের পক্ষে পেট্রোবাংলা ও এর আওতাধীন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তদের প্রতিনিধির সমঝোতা চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে জমির দাম নির্ধারণে তিনটি মতামত দেওয়া হয়। এগুলো হলো- পদ্মা সেতু প্রকল্পের জমির সর্বোচ্চ দাম অর্থাৎ মাওয়া পয়েন্ট এলাকার ক্ষতিগ্রস্তদের যে বছর যে দাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বছর থেকে ২০০৯ সাল পর্যন্ত মূল্য বৃদ্ধি ধরে জমির দাম নির্ধারণ; বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্ত এলাকায় সর্বোচ্চ মূল্যে জমি ক্রয়-বিক্রয়ের দালিলিক মূল্যে ভিত্তিতে দাম নির্ধারণ অথবা প্রথম ও দ্বিতীয়টির মধ্যে যে মূল্য সর্বাধিক তা ক্ষতিগ্রস্তদের দেওয়া। এছাড়া, খনি এলাকার কাছাকাছি উপযুক্ত স্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধাসম্পন্ন মাইনিং সিটি প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছে তারা। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ক্ষতিগ্রস্থদের জন্য গত ৯ নভেম্বর একনেক'র বৈঠকে ১৯১ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। কিন্তু বড়পুকুরিয়া ভূমি ও সম্পদ রক্ষা কমিটি প্রকল্পের জন্য ঘোষিত জমির দাম প্রত্যাখ্যান করে গত ১১ নভেম্বর দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০২৫ ঘ.