২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচদিন পর স্কুলছাত্র উদ্ধার, গ্রেপ্তার ২

মাদারীপুর থেকে অপহরণের পাঁচদিন পর এক কিশোরকে ফরিদপুরের সদরপুর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 01:14 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

মাদারীপুর, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুর থেকে অপহরণের পাঁচদিন পর এক কিশোরকে ফরিদপুরের সদরপুর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া সুজন দত্ত (১১) মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম গ্রামের সুরেশ দত্তের ছেলে। সে বৌলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার রাতে পুলিশ র‌্যাব-৮ এর সহযোগিতায় ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে রাজৈর থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় ছাইফুল খালাসী ওরফে বাবুল (২৮) ও সিদ্দিক কারিগরকে (২২)। তাদের দু'জনেরই বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানার উত্তর কাঠদহ গ্রামের হঠাৎ পাড়ায়। রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোবাইল ফোনের সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় শহিদুল ও ফরিদ নামে অপর দুজন পালিয়ে যায়।" সুজনের বাবা সুরেশ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ১৬ ডিসেম্বর তারা আমার ছেলেকে অপহরণ করে। দুদিন আগে তারা মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।" রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান জানান, গ্রেপ্তার সিদ্দিক কুষ্টিয়ার মিরপুর থানায় একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। রাজৈর থানায় অপহরণের একটি মামলা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৫০ ঘ.