ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১০ প্রত্যাখান করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ।
জাতীয় ঐকমত্যের সাত দফার আলোকে ২০০১ সালে প্রণীত আইনটি বাস্তবায়নের দাবিও জানায় তারা।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
গত ১৮ সেপ্টেম্বর জাতীয় করভেনশনের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জাতীয় ঐকমত্যের সাত দফা চূড়ান্ত করে।
গত ৭ ডিসেম্বর জাতীয় সংসদে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১০ উত্থাপিত হয়। এই বিলটি আইন হিসাবে কার্যকর হওয়ার সাত মাসের (২১০ দিন) মধ্যে ফেরত দেওয়া যায় সেরকম অর্পিত সম্পত্তির জেলাওয়ারি তালিকা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১০ আইন হিসাবে কার্যকর হলে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দারা বেদখল হয়ে যাওয়া ও সরকারের কাছে থাকা অর্পিত সম্পত্তি ফেরত পাবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা, ভূমি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ একাধিক সভা করে এই বিলে তাদের সাত দফা অন্তর্ভুক্তির দাবি জানায়। প্রধানমন্ত্রী এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
কিন্তু সাত দফার আলোকে সংসদে নতুন বিল উত্থাপন না করে 'আমলা নির্ভর' একটি বিল উত্থাপিত হয়েছে। একে সংবিধান, মানবতা ও জনস্বার্থবিরোধী বলে সম্মেলনে দাবি করা হয়।
বিলটি আইন হিসেবে কার্যকর হলে ধর্মীয় সংখ্যালঘুরা আরো জটিল ও অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন ঐক্য পরিষদ নেতারা।
তারা জাতীয় ঐকমত্যের সিদ্ধান্তের আলোকে ২০০১ সালের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের দাবিদার হিসেবে স্থিত মূল মালিকের উত্তরাধিকারের পাশাপাশি সহ-অংশীদার এবং শরীকদারের বিধান সংযুক্ত করে ওই আইনটি বাস্তবায়নের দাবি জানান।
এছাড়া নতুন আইনে অর্পিত সম্পত্তির সংজ্ঞা পুনর্নিধারণ, ১৯৭৪ সালের সেন্সর তালিকা অনুযায়ী অর্পিত সম্পত্তির তালিকা গেজেট আকারে প্রকাশ, জেলা পর্যায়ে ট্রাইব্যুনাল গঠন করে মামলা নিষ্পত্তি, মূল আইনে 'বিক্রয়' শব্দের স্থলে 'প্রতীকী মূল্য' শব্দাবলী প্রতিস্থাপন করারও দাবি জানানো হয়।
উত্থাপিত বিলটি বাতিল করে সাত দফার আলোকে শিগগিরই নতুন বিল সংসদে উত্থাপন না করা হলে আগামী ১৮ জানুয়ারি ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা থেকে কর্মসূচি ঘোষণা করা হবে বলে সম্মেলনে জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বাসুদেব ধর।
এসময় সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য অনিল চন্দ্র নাথ, সি আর সরকার, সুব্রত চৌধুরী, মঞ্জু ধর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৯০৭ ঘ.
bdnews24