২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিশনপ্রাপ্তদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদেরে প্রতি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 12:50 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদেরে প্রতি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষাই হবে তাদের প্রধান ব্রত। বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারী একাডেমী (বিএমএ) এর ৬৩তম দীর্ঘমেয়াদী কোর্সের জেন্টেলম্যান ও জেন্টেলউইম্যান ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিশ্ব শান্তিতে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে বাংলাদেশের সেনাবাহিনী আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে নিজেদেরকে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এসময় তিনি আবেগজড়িত কন্ঠে তার অনুজ শহীদ লে. শেখ জামালের কথা স্মরণ করে নতুন কমিশনপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, "একদিন তোমাদের মতোই এ সেনাবাহিনীতে গৌরবময় কমিশন লাভ করেছিল শেখ জামাল। আজ সে আর আমাদের মধ্যে নেই। আমি তোমাদের মাঝে আমার হারানো ভাইয়ের মখুচ্ছবি খুঁজে পাই। তোমরা যেন আমার ভাই-বোন, আমার পরিবারের সদস্য।" সশস্ত্রবাহিনীর আধুনিকায়ন ও একে যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর সশস্ত্র বাহিনীর উন্নয়নের ধারাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সশস্ত্র বাহিনীরর সদস্যদের রেশন ও বেতন কাঠামোতে সমতা আনা, আবাসন সমস্যার সমাধানসহ আধুনিক ও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলা হচ্ছে। এ জন্যে ২৫৩ কোটি টাকা ব্যয়ে ১০তলা বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নবীন অফিসারদের উদ্দেশ্যে বলেন, দক্ষ-চৌকস এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক ও যোগ্য সেনা নেতৃত্ব গড়ে তুলতে বাংলাদেশ মিলিটারি একাডেমীর পাঠ্যসূচিতে বাংলাদেশের অভ্যুদয়ের পটভূমিসহ সংবিধান সংযোজিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি মিলিটারি একাডেমীর পাঠ্যসূচিতে 'ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি' নামে নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, স্বাধীনতা লাভের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দক্ষ সশস্ত্রবাহিনী গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করেন। তিনি (বঙ্গবন্ধু) ১৯৭৪ সালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি একাডেমীর উদ্বোধন করেন। ১৯৭৫ সালের ১১ জানুয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমীর প্রথম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে তিনি প্রতিটি ক্যাডেটকে পেশাগতভাবে দক্ষ, নৈতিক গুণাবলী সম্পন্ন ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছিলেন। জাতির পিতার সেই দিকনির্দেশনায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী দেশ-বিদেশে সুনাম অর্জন করে আজকের এ গৌরবময় অবস্থানে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন। এর আগে সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ভাটিয়ারী মিলিটারি একাডেমী প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল মো. আব্দুল মুবীন, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিনসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন এবং মার্চ পাস্টে অভিবাদন গ্রহণ করেন। এসময় মন্ত্রিসভার সদস্য, উর্ধ্বতন সামরিক- বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও নতুন কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাককরা উপস্থিত ছিলেন। পরে শেখ হাসিনা কৃতি ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ৬৩ তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হয়ে সোর্ড অব অনার লাভ করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মো. আল-আমিন। এই কোর্সে ১২২ জন নতুন অফিসার কমিশন লাভ করেন। এর মধ্যে ১০৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮৩৯ ঘ.