২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: চাঁদপুরে একজনের বিরুদ্ধে মামলা

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে চাঁদপুরে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 08:33 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

চাঁদপুর, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে চাঁদপুরে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার চাঁদপুরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মো. মোরশেদ আলমের আদালতে মামলাটি দায়ের করেন ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামের প্রয়াত রুস্তুম আলীর ছেলে মো. আব্দুল লতিফ। মামলায় তিনি ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামের জাবক্স বেপারীর ছেলে আলী আহমেদের (৬৫) বিরুদ্ধে অভিযোগ করেছেন। বাদির আইনজীবী সেলিম আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে ফরিদগঞ্জ থানাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় বলা হয়েছে, "আলী আহমেদ আরো ৮/১০ জনকে নিয়ে ১৯৭১ সালের ১৫ এপ্রিল থেকে ২ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীর যোগসাজশে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে আগুন জ্বালিয়ে ঘর থেকে ২০ হাজার টাকার মালামাল লুট করে। "পরবর্তীতে আমার বাড়ির পাশের জসদা মজুমদারের ঘরে ঢুকে চম্পকাকে ধর্ষণ করে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। তারা ওই ঘরে আগুন লাগিয়ে চম্পকাকে আগুনে পুড়িয়ে হত্যা করে। এছাড়া আরো অনেক লোকের ক্ষয়ক্ষতি করে। অনেককে গোপনে বাড়ি থেকে ডেকে হত্যা করে। "আমরা ওই সময় কোনো আশ্রয় নিতে পারিনি। দেশ স্বাধীন হওয়ার পর ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্তু সেই অভিযোগের কোনো হদিস পাইনি। পরবর্তীতে প্রতিকূল অবস্থা থাকার কারণে আমি কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু করায় আমি এই অভিযোগ দায়ের করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪২৭ ঘ.